আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে দল ঘোষণা শুরু করেছে শক্তিশালী দেশগুলো। যারমধ্যে রয়েছে এশিয়ার অন্যতম সম্ভাবনাময় দল জাপানও। গতবারের মতো এবারেও ফুটবলের শ্রেষ্ঠ মঞ্চে চমক দেখানোর স্বপ্নে বিভোর তারা। গত বিশ্বকাপে গ্রুপ পর্বে স্পেন ও জার্মানির মতো দলকে হারিয়ে বিশ্বজুড়ে আলোড়ন তুলেছিল সামুরাই’রা। তবে, এবার চোটের কারণে দলে জায়গা হয়নি দুই গুরুত্বপূর্ণ উইঙ্গার কাউরো মিতোমা ও তাকুমি মিনামিনোর। তবুও স্বস্তির খবর, চোট কাটিয়ে দলে ফিরেছেন অধিনায়ক ওয়াতারু এন্ডো। এছাড়াও, তাকেহিরো তোমিয়াসু ও তাকেফুসো কুবোর মতো তারকারা রয়েছেন বিশ্বকাপের ঘোষিত স্কোয়াডে।
এদিকে, এবারের বিশ্বকাপের অন্যতম দাবিদার ফ্রান্সও ইতিমধ্যেই ২৬ সদস্যের দল ঘোষণা করেছে। ২০১৮ সালের বিশ্বচ্যাম্পিয়ন এবং ২০২২ সালের রানার্স আপ’রা এবারও শিরোপার দৌড়ে অনেকটাই এগিয়ে। কোচ দিদিয়ের দেশঁ’র ঘোষিত এই দলে রয়েছেন কিলিয়ান এমবাপে, উসমান ডেম্বেলে ও এনগোলো কন্তের মতো অভিজ্ঞ তারকারা।
পাশাপাশি, আক্রমণে দেসিরে দুয়ে, রায়ান চেরকি ও মাইকেল ওলিসে রয়েছেন। রক্ষণেও লুকাস ও থিও হার্নান্দেজ, ইব্রাহিম কোনাটে, উইলিয়াম সালিবা ও দায়োত উপামেকানোর মতো তারকাদের উপর ভরসা রেখেছেন দেশঁ।
যদিও, চোট ও খারাপ ফর্মের জন্য বাদ পড়েছেন রিয়াল মাদ্রিদের অন্যতম তারকা এদুয়ার্দো কামাভিঙ্গা। এছাড়াও বিশ্বকাপ দলে জায়গা হয়নি র্যাছন্ডাল কোলো মুয়ানি, ফ্লোরিয়ান থাউভিন এবং ফরাসি লিগের সর্বোচ্চ গোলদাতা এস্তেবান লেপলেরও। অন্যদিকে, বিশ্বকাপের আগেই ব্রাজিল ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে কোচ কার্লো আনসেলত্তির সঙ্গে ২০৩০ সাল পর্যন্ত চুক্তি বাড়ানো হয়েছে। অর্থাৎ, ২০২৬ বিশ্বকাপের পরেও সেলেকাওদের দায়িত্বে থাকবেন অভিজ্ঞ এই ইতালিয়ান কোচ।




