• facebook
  • twitter
  • youtube
Thursday, 4 June, 2026

ক্লাব জোটের প্রস্তাব ফেডারেশন মেনে নিলে কাটতে পারে আইএসএল-জট

শেষ পর্যন্ত কি আগামী মরসুমের ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল) আয়োজন করবে ক্লাবদের জোট? সেরকমই সম্ভাবনা তৈরি হয়েছে।

শেষ পর্যন্ত কি আগামী মরসুমের ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল) আয়োজন করবে ক্লাবদের জোট? সেরকমই সম্ভাবনা তৈরি হয়েছে। এবং সত্যিই যদি তা হয়, তা হলে রেকর্ড অর্থে ভারতীয় ক্লাব ফুটবল আয়োজনের বিড করা বিদেশি সংস্থা জিনিয়াস স্পোর্টসের উদ্যোগ বিফলে যেতে পারে।

বৃহস্পতিবার সর্বভারতীয় ফুটবল ফেডারেশন সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি আইএসএলে খেলা ক্লাবগুলির জোট ফেডারেশনকে যে প্রস্তাব দিয়েছে, তা খুব একটা অপছন্দ হয়নি সংস্থার শীর্ষস্থানীয় কর্তাদের। এই প্রস্তাবে জানানো হয়েছে, আগামী দুই মরসুমের জন্য আইএসএল আয়োজনের দায়িত্ব নিতে চায় তারা এবং এজন্য ফেডারেশনকে তারা বছরে ১৫ কোটি টাকা করে দেবে।

জিনিয়াস স্পোর্টস যে প্রস্তাব দিয়েছিল, তাতে তারা জানিয়েছিল আগামী ২০ বছরের জন্য তারা আইএসএলের মার্কেটিং পার্টনার হতে চায় এবং প্রতি বছর তারা ফেডারেশনকে ১২ কোটি টাকা করে দেবে। কিন্তু জিনিয়াস স্পোর্টসের এই প্রস্তাবে ক্লাবগুলি কোনও আর্থিক লাভের সম্ভাবনা দেখতে পায়নি। সেই কারণেই তারা আকারে ইঙ্গিতে ফেডারেশনকে বুঝিয়ে দেয় যে বিদেশি সংস্থার এই প্রস্তাব মেনে নিয়ে খেলা তাদের পক্ষে সম্ভব হবে না।

পরিস্থিতি এমনই হয় যে, পাঁচ-ছ’টি ক্লাব তাদের ঝাঁপ বন্ধ করে দেওয়ার পরিকল্পনাও করতে শুরু করে দেয়। সে রকম পরিস্থিতি যাতে না হয়, সেই জন্যই ক্লাব জোট ফেডারেশনকে সম্প্রতি এই প্রস্তাব দেয়। এ ছাড়াও ফেডারেশনকে তারা জানিয়েছে, তাদের আইএসএল চালানোর দায়িত্ব দিলে ফেডারেশনের অধিকারে তারা হস্তক্ষেপ করবে না। সে জন্যই ফেডারেশনের এগজিকিউটিভ কমিটি এই প্রস্তাবে সম্মতি দিতে পারে বলে শোনা যাচ্ছে। সেক্ষেত্রে নির্ধারিত সময়ে, সেপ্টেম্বরেই শুরু হতে পারে ২০২৬-২৭-এর আইএসএল এবং সবকটি ক্লাবই হয়তো এতে অংশ নেবে।

তবে এক্ষেত্রে নতুন কোনও জটিলতা তৈরি হতে পারে কি না, তা এখনও জানা যায়নি। ক্লাব জোট নিজেরাই লিগ আয়োজন করবে, নাকি কোনও সংস্থাকে দায়িত্ব দেবে, তা এখনও স্পষ্ট নয়। ফুটবল মহলে অনেকের ধারণা, ২০২৪-২৫ পর্যন্ত যারা ফেডারেশনের মার্কেটিং পার্টনার ছিল, সেই রিলায়্যান্সের ফুটবল স্পোর্টস ডেভলপমেন্ট লিমিটেড বা এফএসডিএল-কেই হয়তো ফের লিগ আয়োজনের বরাত দেবে ক্লাব জোট। তবে এই ব্যাপারে কোনওরকম ইঙ্গিত দেননি ক্লাব জোটের প্রতিনিধিরা।