• facebook
  • twitter
  • youtube
Saturday, 6 June, 2026

বিশ্বকাপে একাধিক পেসারের চোট চিন্তা বাড়াচ্ছে কেকেআর শিবিরে

আইপিএলের আগে যদিও পাথিরানাও পুরোপুরি ফিট হতে না পারেন তাহলে কেকেআরের জন্য সেই সমস্যা যে আরও বাড়বে, তা বলাই বাহুল্য।

প্রতিনিধিত্বমূলক চিত্র

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে একের পর এক খেলোয়াড়ের চোট ক্রমশ চিন্তা বাড়াচ্ছে কেকেআর শিবিরে। বিশ্বকাপ চলাকালীন এখনও অবধি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নাইট শিবির। ইতিমধ্যেই চোটের জন্য বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন পেসার হর্ষিত রানা। জানা গিয়েছে, আইপিএলের শুরুর দিকেও বেশ কয়েকটি ম্যাচে তাঁকে পাবে না কেকেআর শিবির। আর এবার এই তালিকায় নাম লেখালেন শ্রীলঙ্কার পেসার মাহিশা পাথিরানা। সোমবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে গিয়ে হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে মাঠ ছেড়েছেন পাথিরানা।

এই প্রসঙ্গে বলা যায়, এবার ১৮ কোটি টাকায় শ্রীলঙ্কার এই পেসারকে দলে নিয়েছিল তারা। তাঁর চোট নিয়ে এখনও শ্রীলঙ্কার পক্ষ থেকে বিশেষ কিছু জানানো হয়নি। তিনিও যদি শেষ অবধি আইপিএলে খেলতে না পারেন, তা নিঃসন্দেহে চাপ অনেকটাই বাড়াবে কলকাতার এই দলটির ওপর।

অন্যদিকে, এবছর নিলামে প্রায় সাড়ে ৯ কোটি টাকায় বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে নিয়েছিল কেকেআর। কিন্তু, রাজনৈতিক অস্থিরতার জন্য তাঁকে ছেড়ে দিতে বাধ্য হয়েছিল তারা। গত মরসুম থেকেই পেস বোলিং আক্রমণ অন্যতম সমস্যা ছিল কেকেআরের। মিচেল স্টার্ককে ছেড়ে দেওয়ার পর তেমন অভিজ্ঞ কোনও পেসারকে গত মরসুমে সই করাতে পারেনি তারা। তার বদলে আনরিখ নখিয়া, স্পেনসার জনসন’রা সেভাবে পারফরম্যান্স করতে পারেনি। সেই সমস্যা মেটাতে এই মরসুমের শুরু থেকে উদ্যোগ নিয়েছিল কেকেআর।

তবে, বিশ্বকাপের মঞ্চে পরপর একাধিক গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের চোট তাদের সমস্যা ক্রমাগত বাড়িয়ে চলেছে। এরপর আইপিএলের আগে যদিও পাথিরানাও পুরোপুরি ফিট হতে না পারেন তাহলে কেকেআরের জন্য সেই সমস্যা যে আরও বাড়বে, তা বলাই বাহুল্য।