সামনে ব্রাজিল ম্যাচ। তার আগে আরও এক বিশ্বকাপ খেলা দলের বিরুদ্ধে পরীক্ষা দিতে চলেছে ভারত। সেপ্টেম্বর-অক্টোবর আন্তর্জাতিক উইন্ডোয় পানামার বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলার পথে এগোচ্ছে ভারতীয় ফুটবল দল। ম্যাচটি ২৬ অথবা ২৭ সেপ্টেম্বর হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কোথায় হবে এই ম্যাচ, তা এখনও চূড়ান্ত হয়নি।
আগামী ৩ অক্টোবর কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিরুদ্ধে ঐতিহাসিক ম্যাচ খেলবে ভারত। তার কয়েক দিন আগেই পানামার মতো শক্তিশালী দলের বিরুদ্ধে মাঠে নামার সুযোগ পেতে চলেছে সুনীল ছেত্রীর উত্তরসূরিরা। ফলে ব্রাজিল ম্যাচের আগে এই ম্যাচটিই হয়ে উঠতে পারে ভারতের ‘ড্রেস রিহার্সাল’।
পানামা বর্তমানে ফিফা ক্রমতালিকায় ৪৪ নম্বরে রয়েছে। এ বছর তারা বিশ্বকাপেও খেলেছে। ইংল্যান্ড, ক্রোয়েশিয়া এবং ঘানার সঙ্গে কঠিন গ্রুপে পড়েছিল পানামা। ফলে বিশ্বকাপের মঞ্চে সদ্য খেলা একটি দলের বিরুদ্ধে ম্যাচ ভারতীয় ফুটবলারদের জন্য নিঃসন্দেহে বড় অভিজ্ঞতা হতে চলেছে।
পানামার কোচ ডেনমার্কের থমাস ক্রিশ্চিয়েনসেন। তাঁর দলের বিরুদ্ধে খেলা মানে শুধু ব্রাজিল-ম্যাচের প্রস্তুতি নয়, ভারতের নিজেদেরও পরখ করে নেওয়া। সাম্প্রতিক সময়ে বড় দলের বিরুদ্ধে নিয়মিত খেলার সুযোগ খুব বেশি পায়নি ভারত। সেই জায়গায় পানামা এবং তার পর ব্রাজিল—পরপর দু’টি ম্যাচ ভারতীয় দলের সামনে কঠিন চ্যালেঞ্জ হয়ে উঠতে চলেছে।
এখানেই শেষ নয়। অক্টোবরের আন্তর্জাতিক উইন্ডোয় ব্রাজিল ম্যাচের পর আরও একটি বড় দলের বিরুদ্ধে খেলার পরিকল্পনাও রয়েছে ভারতের। আগে কেপ ভার্দের সঙ্গে ম্যাচ নিয়ে আলোচনা চললেও সেই প্রক্রিয়ায় জটিলতা তৈরি হয়েছে। পরিবর্তে উরুগুয়ের সঙ্গে ৬ অক্টোবর ম্যাচ আয়োজনের বিষয়ে আলোচনা এগোচ্ছে বলে খবর।
অর্থাৎ পরিকল্পনা সফল হলে সেপ্টেম্বরের শেষ থেকে অক্টোবরের প্রথম সপ্তাহ—ভারতের সামনে একের পর এক বিশ্বকাপ খেলা দলের পরীক্ষা। পানামা, ব্রাজিল এবং সম্ভবত উরুগুয়ে। ভারতীয় ফুটবলের সাম্প্রতিক ইতিহাসে এমন আন্তর্জাতিক সূচি নিঃসন্দেহে বিরল।
তবে আপাতত সবচেয়ে বড় আকর্ষণ অবশ্যই ৩ অক্টোবরের ব্রাজিল ম্যাচ। কলকাতায় সেই ম্যাচের প্রস্তুতিও জোরকদমে চলছে। ব্রাজিল ফুটবল কনফেডারেশনের প্রতিনিধি দল সম্প্রতি যুবভারতী ঘুরে পরিকাঠামো এবং নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেছেন। যুবভারতীর একাধিক জায়গায় সংশোধন করার পরামর্শ দিয়ে গিয়েছেন তাঁরা। বিশেষ করে মাঠের যে ঘাসে খেলা হবে, তার মানে উন্নতি আনার কথা বলে গিয়েছেন তাঁর। সেই কারণেই আগামী অক্টোবর পর্যন্ত যুবভারতী বন্ধ রাখার সিদ্ধান্তও নিয়েছে রাজ্য সরকার। এই সময়ে যাবতীয় সংশোধন ও মেরামতির কাজের পরিকল্পনা রয়েছে বলে জানা গিয়েছে।
ব্রাজিল আসার আগে পানামার বিরুদ্ধে মাঠে নেমে নিজেদের কতটা প্রস্তুত করে নিতে পারে ভারত, এখন সেটাই দেখার। ব্রাজিলের মতো মহাতারকাদের দলের বিরুদ্ধে নামার আগে পানামা ম্যাচ তাই নিছক ফ্রেন্ডলি ম্যাচ নয়—ভারতের কাছে বড় মঞ্চের মহড়াও হতে চলেছে।




