৩১৮ রান তাড়া করে ভারতকে ছিটকে দিল শ্রীলঙ্কা! বৈভব-অভিষেকের ঝড়ও বাঁচাতে পারল না তিলকদের

Image: X

বৃহস্পতিবারের রাতটা ভারতীয় ক্রিকেটের কাছে হতাশার। আগের ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ৫৩ বলে ২০৪ রানের অবিশ্বাস্য ইনিংস খেলেছিলেন বৈভব সূর্যবংশী। সেমিফাইনালেও তাঁর ব্যাট থেকে এল ঝোড়ো ৪০ রান। অভিষেক শর্মা করলেন ৭৮। অধিনায়ক তিলক বর্মার ব্যাট থেকে এল ৫৩ রান। ৫০ ওভারে ৮ উইকেটে ৩১৭ রানও তুলল ভারত। কিন্তু সেই রান তাড়া করতে নেমে ৪১.৩ ওভারে মাত্র দুই উইকেট হারিয়ে ৩১৮ রান তুলে নিল শ্রীলঙ্কা।

এই হারের ফলে রাইজিং স্টার্স এশিয়া কাপ থেকে বিদায় নিল ভারতীয় ‘এ’ দল। যার অর্থ প্রত্যাশিত ভারত-পাকিস্তান ফাইনালের সম্ভাবনাও শেষ।ভারতের ইনিংসের শুরুটা ছিল দুরন্ত। বৈভব ও অভিষেকের ওপেনিং জুটি মাত্র ৮ ওভারে ৮০ রান তুলে দেয়। ২৭ বলে ৪০ রান করে ফিরে যান বৈভব। তাঁর ইনিংসে ছিল চারটি চার ও তিনটি ছয়। অভিষেক অবশ্য লড়াই চালিয়ে যান। ৬৩ বলে ৭৮ রান করেন তিনি। মারেন ১১টি চার ও একটি ছয়।

দ্বিতীয় উইকেটে অভিষেক ও তিলক যোগ করেন ৭৯ রান। তিলক ৬৬ বলে ৫৩ রান করেন। কিন্তু পর পর উইকেট হারিয়ে মাঝের ওভারগুলিতে চাপে পড়ে ভারত। শেষ দিকে শাহবাজ আহমেদের অপরাজিত ৫৪ রানের ইনিংস কিছুটা স্বস্তি দেয়। ৪৮ বলে চারটি ছক্কা-সহ এই রান করেন তিনি। তনুশ কোটিয়ান করেন ২৮। তাঁদের ৭৩ রানের জুটির সৌজন্যেই তিনশোর গণ্ডি পেরোয় ভারত।


আরও পড়ুন: শীতের কলকাতায় আন্তর্জাতিক রেগাটার জমজমাট আসর, ক্যালকাটা রোয়িং ক্লাবে বিশ্বের নামী রোয়াররা

৩১৮ রানের লক্ষ্য দেখে শ্রীলঙ্কার ব্যাটারদের বিন্দুমাত্র বিচলিত মনে হয়নি। বরং শুরু থেকেই ভারতীয় বোলারদের উপর চড়াও হন দুই ওপেনার লাসিথ ক্রুসপুল্লে ও সিনেথ জয়বর্ধনে। প্রথম দুই ওভারেই দু’টি সহজ ক্যাচ ফেলে দেয় ভারত। সেই সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করেন দুই ব্যাটার।

মাত্র ৭০ বলে ১০টি চার ও ছ’টি ছয়ের সাহায্যে ১০৫ রান করেন জয়বর্ধনে। অন্য দিকে, ক্রুসপুল্লে ১০৭ বলে ১১৬ রান করেন। তাঁর ইনিংসে ছিল ১২টি চার ও তিনটি ছয়। প্রথম উইকেটে ১৭৪ রান যোগ করেন তাঁরা। এই জুটিই কার্যত ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়।

শেষ পর্যন্ত শাহবাজ আহমেদের বলে জয়বর্ধনে ফিরলেও তত ক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। ক্রুসপুল্লেকে ফেরান হর্ষিত রানা। কিন্তু তত ক্ষণে জয়ের খুব কাছে শ্রীলঙ্কা। নিশান মধুশঙ্কা ৫৮ রানে অপরাজিত থাকেন। পবন রত্নায়েকে ১৬ বলে ৩১ রান করে অপরাজিত থাকেন। তৃতীয় উইকেটে তাঁদের ৫৩ রানের অবিচ্ছিন্ন জুটি শ্রীলঙ্কার জয় নিশ্চিত করে। ভারতের বোলারদের মধ্যে হর্ষিত রানা সাত ওভারে ৬১ রান দিয়ে একটি উইকেট নেন। বাকি বোলাররাও শ্রীলঙ্কার ব্যাটারদের আটকাতে ব্যর্থ হন।

আরও পড়ুন: রাইজিং স্টার্স এশিয়া কাপ সেমিফাইনাল: বৈভব ৪০, অভিষেক-তিলকের দাপটে শ্রীলঙ্কার বিরুদ্ধে বড় রান ভারতের

ম্যাচের পর ভারতীয় অধিনায়ক তিলক বর্মা বলেন, তাঁদের ধারণা ছিল ৩২০ থেকে ৩৩০ রান তুলতে পারলে ভাল জায়গায় থাকবেন। বলেন, ‘প্রথম ২০ ওভার বল ব্যাটে ভাল আসছিল। তার পরে উইকেট কিছুটা মন্থর হয়ে যায়। কয়েকটি বল থমকে আসছিল, নিচুও থাকছিল। পর পর তিনটি উইকেট হারানোও আমাদের সমস্যায় ফেলেছিল। তবে তনুশ ও শাহবাজ যেভাবে ব্যাট করেছে, তাতে ৩১৭-৩১৮ রানকে ভাল স্কোরই মনে হয়েছিল।’

বোলিংয়ের পরিকল্পনা নিয়েও ব্যাখ্যা দিয়েছেন তিলক। তিনি বলেন, ‘ফিল্ডিং করতে নামার সময় ছেলেদের বলেছিলাম, প্রথম ১৫ ওভার খুব গুরুত্বপূর্ণ। যদি ওদের রান প্রতি ওভারে ছয়ের আশপাশে আটকে রাখতে পারি, তা হলে পরে উইকেট মন্থর হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সুবিধা হবে। সেটাই পরিকল্পনা ছিল। দুর্ভাগ্যবশত, আমরা পরিকল্পনা অনুযায়ী খেলতে পারিনি।’

দেখুন: প্রতি দু’মাসে জাতীয় সড়কের কাজ পর্যালোচনা করবেন মুখ্যমন্ত্রী, ছ’মাস অন্তর বাংলায় বৈঠক গড়করির