আসন্ন আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সিরিজ এবং এশিয়ান গেমসের জন্য ভারতীয় ক্রিকেট দলে কে নেতৃত্ব দেবেন, তা নিয়ে এই মুহূর্তে কোচ গৌতম গম্ভীর ও প্রধান নির্বাচক অজিত আগরকর দুই মেরুতে দাঁড়িয়ে রয়েছেন। আগামী শনিবার ভারতীয় দল গঠনের জন্য নির্বাচক কমিটির সদস্যদের বৈঠক রয়েছে। আর ওই বৈঠকে সিদ্ধান্ত হয়ে যাবে, আগামী দিনে ভারতীয় দলকে কে নেতৃত্ব দেবেন এবং সেই সঙ্গে দলে কারা জায়গা পাবেন, তাও স্থির হওয়ার সম্ভাবনা রয়েছে।
গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত জয়লাভ করেছিল সূর্যকুমার যাদবের নেতৃত্বে। কিন্তু সেই সূর্যকুমার এবারের আইপিএল ক্রিকেটে সেই অর্থে ব্যর্থ। তাই নতুন করে ভাবা হচ্ছে ভারতীয় দলে সূর্যকুমার যাদবের জায়গায় কাকে আনা হবে। তা নিয়ে বিস্তর আলোচনা এবং সমীক্ষা করা হয়েছে। সেক্ষেত্রে সূর্যকুমারের উত্তরসূরী হিসেবে দুটো নাম উঠে এসেছে। গত দু’বছর ধরে কোচ গৌতম গম্ভীর এবং প্রধান নির্বাচক অজিত আগরকর একই সঙ্গে সিদ্ধান্ত নিয়ে যেমন দল গঠন করতেন, তেমনই আবার দলকে নেতৃত্ব দেবেন কে, সেই সিদ্ধান্তে সহমত পোষণ করতেন দু’জনেই।
কিন্তু এবারে দেখা যাচ্ছে, কোচের সঙ্গে প্রধান নির্বাচকের মতের মিল সেইভাবে হচ্ছে না। ক্রিকেট মহল চাইছে কোচ যিনি হোন না কেন, তাঁর অভিজ্ঞতা এবং পারফরম্যান্স বড় করে দেখতে হবে। এমনকি কাউকে অধিনায়কের ব্যাটনটা দেওয়া উচিত হবে না, যিনি দলের সঙ্গতিকে ধরে রাখতে পারবেন না। শুধু তাই নয়, ড্রেসিং রুমে একটা বন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরি করতে হবে অধিনায়ককেই। তাই অধিনায়কের দায়িত্বটা শুধু মাঠে নয়, ড্রেসিংরুমেও একটা বিরাট ভূমিকা থাকে। সেই কথাগুলি প্রধান নির্বাচক ও কোচের মধ্যে উঠে এলেও এখনও পর্যন্ত তা একই সুতোয় বাঁধা সম্ভব হয়নি। তাই নির্বাচনী বৈঠকে এই দুই ক্রীড়াব্যক্তিত্ব কী ভূমিকা নেন, সেটাই দেখার বিষয়।
প্রধান নির্বাচক অজিত আগরকর মনে করেন, এই মুহূর্তে ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়ার মতো সাহসী ভূমিকা নিতে পারেন শ্রেয়স আইয়ার। তাঁর অভিমত, শ্রেয়স একজন দক্ষ অধিনায়ক। আইপিএল ক্রিকেটে শ্রেয়সের দক্ষতা যেভাবে প্রকাশ পেয়েছে, তা অবশ্যই একটা দলের কাছে বড় হাতিয়ার। চলতি আইপিএল ক্রিকেটে শ্রেয়সের দক্ষতা. প্রথম সাতটি ম্যাচে যেভাবে জয় তুলে নিয়েছে, তা তারিফ করার মতো। হয়তো প্লে-অফ ম্যাচে পাঞ্জাব কিংস দল খেলতে পারেনি। তাই বলে তাঁর যোগ্যতা নিয়ে কোনও প্রশ্নই উঠতে পারে না।
গত বছর আইপিএল ক্রিকেটে পাঞ্জাবকে ফাইনালে খেলার ছাড়পত্র দিয়েছিলেন অধিনায়ক শ্রেয়স। তার আগে কলকাতা দলের হয়ে তিনি অধিনায়ক ছিলেন এবং তাঁরই অধিনায়কত্বে কলকাতা নাইট রাইডার্স চ্যাম্পিয়ন হয়েছিল। আর সেই দলের মেন্টর ছিলেন গৌতম গম্ভীর। গৌতম খুব কাছ থেকেই তাঁর নেতৃত্বকে দেখতে পেয়েছিলেন। তবুও অজিত আগরকরের সঙ্গে কোচ গৌতম গম্ভীর মেনে নিতে পারছেন না শ্রেয়সকে অধিনায়কের ব্যাটনটা হাতে তুলে দিতে। তাহলে সূর্যকুমারের বিকল্প কে হবেন, তা নিয়ে বিস্তর জলঘোলা হচ্ছে।
আবার গৌতম গম্ভীর মনে করছেন, সূর্যকুমারের জায়গায় অবশ্যই দায়িত্ব দেওয়া যেতে পারে সঞ্জু স্যামসনকে। অর্থাৎ গম্ভীরের পছন্দের তালিকায় রয়েছেন সঞ্জু। এবারের আইপিএল ক্রিকেটে রাজস্থান রয়্যালসের অধিনায়ক হিসেবে নজর কেড়েছেন সঞ্জু স্যামসন। প্লেঅফ ম্যাচ থেকে ছিটকে গেলেও অধিনায়ক হিসেবে তাঁর দক্ষতাকে কোনওভাবেই ছোট করে দেখার জায়গা নেই।
আবার এটাও প্রশ্ন উঠছে সঞ্জু স্যামসনের খেলার মধ্যে ধারাবপাহিকতার অভাব রয়েছে। তাই একটা সন্দেহ দেখা দিচ্ছে। তবুও বলতে দ্বিধা নেই ভারতীয় দল সূর্যকুমার যাদবের বিকল্প হিসেবে এই দুই ক্রিকেটারের নামের পাশে অধিনায়ক হিসেবে সিলমোহর পড়বে। তাই আগামী শনিবার ভারতীয় দলের অধিনায়ক নির্বাচনে কোচ গৌতম গম্ভীর, নাকি প্রধান নির্বাচক অজিত আগরকরের পছন্দের খেলোয়াড়ের উপর সিলমোহর পড়বে, সেটাই এখন দেখার জন্য অপেক্ষায় থাকতে হবে।




