• facebook
  • twitter
  • youtube
Saturday, 26 September, 2026

আইএসএলের প্রথম পর্বের সূচি ঘোষণা করা হল, কবে শুরু দুই প্রধানের, ডার্বির দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

আইএসএল ২০২৬-২৭ মরসুমের প্রথম পর্ব চলবে ১০ অক্টোবর, ২০২৬ থেকে ১৭ জানুয়ারি, ২০২৭ পর্যন্ত। এই পর্বে মোট ৭৮টি ম্যাচ হবে। প্রথম পর্ব শেষে পয়েন্ট তালিকার প্রথম ছ’টি দল প্লে-অফে খেলার যোগ্যতা অর্জন করবে। দ্বিতীয় পর্ব এবং প্লে-অফের সূচি পরে প্রকাশ করা হবে।

আইএসএলের প্রথম পর্বের সূচি ঘোষণা করা হল, কবে শুরু দুই প্রধানের, ডার্বির দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

Photo: X

দীর্ঘ অপেক্ষার পরে ফের পূর্ণাঙ্গ মরসুমের পথে হাঁটতে চলেছে ভারতীয় ক্লাব ফুটবল মরসুম। সেই দিকে তাকিয়েই ইন্ডিয়ান সুপার লিগের প্রাথমিক পর্বের সূচি ঘোষণা করল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন।

১০ অক্টোবর বেঙ্গালুরু এফসি বনাম স্পোর্টিং ক্লাব দিল্লি ম্যাচ দিয়ে শুরু হবে নতুন মরসুম। একই দিনে মুখোমুখি হবে এফসি গোয়া ও চেন্নাইন এফসি। প্রথম পর্বের ৭৮টি ম্যাচ চলবে ১৭ জানুয়ারি পর্যন্ত। ১৩ দলের লিগে সপ্তাহান্তে, অর্থাৎ, শুক্র, শনি ও রবিবারেই হবে অধিকাংশ ম্যাচ।

কলকাতার দুই প্রধানকে ঘিরে অবশ্য আগ্রহ সবচেয়ে বেশি। গত মরসুমের চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল ১৮ অক্টোবর ফাতোরদা স্টেডিয়ামে চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে অভিযান শুরু করবে। এএফসি-র ম্যাচ থাকায় লিগের প্রথম সপ্তাহে মাঠে নামছে না লাল-হলুদ বাহিনী।

মোহনবাগান সুপার জায়ান্টের অভিযান শুরু হবে ১২ অক্টোবর, নর্থইস্ট ইউনাইটেড এফসি-র বিরুদ্ধে, গুয়াহাটিতে।

তবে অপেক্ষার সবচেয়ে বড় দিন— কলকাতা ডার্বি কবে, প্রতিবারের মতো এ বারও এই নিয়ে আগ্রহ ছিল তুঙ্গে। সেই কৌতুহলেরও অবসান হল। ২৯ নভেম্বর সন্ধ্যা সাড়ে সাতটায় যুবভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গল ও মোহনবাগান মুখোমুখি হবে। সূচি অনুযায়ী, এই ম্যাচে ইস্টবেঙ্গলই থাকবে আয়োজক দলের ভূমিকায়।

নতুন মরসুমে আরও একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন— এ বার আইএসএলের ম্যাচ হবে মণিপুরেও। ২৪ নভেম্বর ইম্ফলের খুমান লাম্পাক স্টেডিয়ামে নর্থইস্ট ইউনাইটেড খেলবে স্পোর্টিং ক্লাব দিল্লির বিরুদ্ধে। নভেম্বরের আন্তর্জাতিক বিরতির পরেই হবে এই ম্যাচ।

১৩ দলের আইএসএলে এবার ফিরছে তুলনামূলক দীর্ঘ মরসুম, যা শেষ হবে আগামী বছর এপ্রিলে। নতুন ক্লাব-নির্ভর পরিচালন কাঠামোর আয়োজনে এই প্রতিযোগিতায় প্রথম পর্বের সূচিই আপাতত প্রকাশ করা হয়েছে। কলকাতা ডার্বির পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তে একাধিক বড় ম্যাচ নিয়ে ইতিমধ্যেই তৈরি হচ্ছে উত্তেজনা।

নভেম্বরের ফিফা আন্তর্জাতিক বিরতির সময় আইএসএলে সাময়িক বিরতি থাকবে। ৭ নভেম্বর থেকে ২০ নভেম্বর পর্যন্ত কোনও আইএসএল ম্যাচ হবে না। এই বিরতিতে জাতীয় দলের হয়ে খেলার জন্য নির্বাচিত ফুটবলাররা জাতীয় দলে যোগ দিতে পারবেন।

আইএসএল ২০২৬-২৭ মরসুমের প্রথম পর্ব চলবে ১০ অক্টোবর, ২০২৬ থেকে ১৭ জানুয়ারি, ২০২৭ পর্যন্ত। এই পর্বে মোট ৭৮টি ম্যাচ হবে। প্রথম পর্ব শেষে পয়েন্ট তালিকার প্রথম ছ’টি দল প্লে-অফে খেলার যোগ্যতা অর্জন করবে। দ্বিতীয় পর্ব এবং প্লে-অফের সূচি পরে প্রকাশ করা হবে।

ইন্টার কাশীর ঘরের মাঠ এখনও চূড়ান্ত হয়নি। ক্লাব তাদের হোম গ্রাউন্ড চূড়ান্ত করার পরই সেই মাঠের বিষয়ে সরকারি ভাবে নিশ্চিত করা হবে।

মোহনবাগান সুপার জায়ান্টের ম্যাচগুলির সূচি:

১২ অক্টোবর- বনাম নর্থইস্ট ইউনাইটেড এফসি (গুয়াহাটি), ১৬ অক্টোবর- বনাম এসসি দিল্লি (দিল্লি), ২৬ অক্টোবর- বনাম চেন্নাইন এফসি (কলকাতা), ৩১ অক্টোবর- বনাম পাঞ্জাব এফসি (কলকাতা), ৫ নভেম্বর- বনাম ওড়িশা এফসি (কলকাতা), ২২ নভেম্বর- বনাম চার্চিল ব্রাদার্স (গোয়া), ২৯ নভেম্বর- বনাম ইস্টবেঙ্গল (কলকাতা), ৫ ডিসেম্বর- বনাম ইন্টার কাশী (পরে ঘোষণা), ৯ ডিসেম্বর- বনাম বেঙ্গালুরু এফসি (কলকাতা), ১৭ ডিসেম্বর- বনাম মুম্বই সিটি এফসি (মুম্বই, বিকেল ৫.০০), ২২ ডিসেম্বর- বনাম এফসি গোয়া (গোয়া), ১০ জানুয়ারি- বনাম কেরালা ব্লাস্টার্স এফসি (কলকাতা)।

কিক অফের সময় উল্লেখ করা না থাকলে, সেই ম্যাচ শুরু সন্ধ্যা ৭.৩০-এ।

ইস্টবেঙ্গল এফসি-র ম্যাচগুলির সূচি:

১৮ অক্টোবর- বনাম চার্চিল ব্রাদার্স (গোয়া, বিকেল ৫.০০), ২৩ অক্টোবর- বনাম ইন্টার কাশী (পরে ঘোষণা, সন্ধ্যা ৬.০০), ৭ নভেম্বর- বনাম চেন্নাইন এফসি (চেন্নাই), ২০ নভেম্বর- বনাম এসসি দিল্লি (কলকাতা, বিকেল ৫.০০), ২৯ নভেম্বর- বনাম মোহনবাগান (কলকাতা), ৪ ডিসেম্বর- বনাম পাঞ্জাব এফসি (কলকাতা), ১২ ডিসেম্বর- বনাম মুম্বই সিটি এফসি (মুম্বই, বিকেল ৫.০০), ১৭ ডিসেম্বর- বনাম বেঙ্গালুরু এফসি (বেঙ্গালুরু), ২১ ডিসেম্বর- বনাম নর্থইস্ট ইউনাইটেড এফসি (কলকাতা), ৩ জানুয়ারি- বনাম ওড়িশা এফসি (কলকাতা, বিকেল ৫.০০), ৯ জানুয়ারি- বনাম এফসি গোয়া (কলকাতা, বিকেল ৫.০০), ১৬ জানুয়ারি- বনাম কেরালা ব্লাস্টার্স এফসি (কোচি)।

কিক অফের সময় উল্লেখ করা না থাকলে, সেই ম্যাচ শুরু সন্ধ্যা ৭.৩০-এ।