• facebook
  • twitter
  • youtube
Saturday, 19 September, 2026

বিশৃঙ্খলার কালো মেঘ সরিয়ে এশিয়ান গেমসের বর্ণময় উদ্বোধন জাপানের আইচি-নাগোয়ায়

দু’বারের অলিম্পিক্স পদকজয়ী শুটার মনু ভাকের এবং কবাডি তারকা পবন শেরাওয়াত ভারতের পতাকাবাহক হয়ে সামনে থেকে নেতৃত্ব দেন প্রায় ১৫০ সদস্যের ভারতীয় দলকে। মনুর পরনে ছিল নেভি-ব্লু শাড়ি, আর ভারতীয় পুরুষ ক্রীড়াবিদদের পোশাকে ছিল নেভি-ব্লু ব্যান্ডগালা জ্যাকেট ও ট্রাউজার্স।

বিশৃঙ্খলার কালো মেঘ সরিয়ে এশিয়ান গেমসের বর্ণময় উদ্বোধন জাপানের আইচি-নাগোয়ায়

Photo: X

আয়োজনে একের পর এক সমস্যার অভিযোগ। আবাসন থেকে শুরু করে নানা প্রশাসনিক জটিলতা—এশিয়ান গেমস শুরুর আগেই তৈরি হয়েছিল অস্বস্তির পরিবেশ। কিন্তু শেষ পর্যন্ত উদ্বোধনী অনুষ্ঠানের রং ও জাঁকজমকে সেই অন্ধকার কিছুটা হলেও কাটল। শনিবার জাপানের নাগোয়ায় বর্ণময় অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হল ২০তম এশিয়ান গেমস।

‘হারমনিক হার্ট বিট’—এই ভাবনাকে সামনে রেখে সাজানো হয়েছিল প্রায় দু’ঘণ্টার উদ্বোধনী অনুষ্ঠান। অনুষ্ঠানের মূল মঞ্চের নকশাই ছিল হৃদয়াকৃতি। তার মাধ্যমে ‘ওয়ান এশিয়া’-র ভাবনা তুলে ধরা হয়েছে—এশিয়ার বিভিন্ন প্রান্তের ক্রীড়াবিদ ও মানুষের হৃদয়কে এক সুতোয় বাঁধার বার্তা।

নাগোয়ার ৩০ হাজার দর্শকাসনের মিজুহো পার্ক অ্যাথলেটিক স্টেডিয়াম ছিল কানায় কানায় পূর্ণ। জাপানের ঐতিহ্যবাহী সংস্কৃতির সঙ্গে আধুনিক প্রযুক্তির মেলবন্ধন দেখা গেল অনুষ্ঠানে। কাবুকি মঞ্চের আদল যেমন ছিল, তেমনই ছিল বিশাল শিল্প-রোবটের হাত। সেই রোবটের সাহায্যে পতাকা ওড়ানোর দৃশ্যও ছিল অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ।

আয়োজক রাজ্য আইচি শিল্প ও প্রযুক্তির জন্য বিখ্যাত। তাই অনুষ্ঠানে প্রযুক্তির ছোঁয়া থাকাটাই স্বাভাবিক। টোকিও অলিম্পিক্সে ব্যবহৃত টয়োটার Accessible People Mover (APM)-ও জায়গা করে নেয় উদ্বোধনী অনুষ্ঠানে। আলো, লেজার, নাচ এবং সঙ্গীতের সঙ্গে প্রযুক্তির এই মেলবন্ধন গোটা অনুষ্ঠানকে অন্য মাত্রা দেয়। জাপানের জনপ্রিয় বেহালাবাদক ও সুরকার তারো হাকাসের সঙ্গীত দিয়ে শুরু হয় অন্যতম প্রধান স্বাগত পর্ব।

এর মাঝেই আনুষ্ঠানিক ভাবে গেমসের উদ্বোধন ঘোষণা করেন জাপানের সম্রাট নারুহিতো। উপস্থিত ছিলেন সম্রাজ্ঞী মাসাকো, অলিম্পিক কাউন্সিল অফ এশিয়ার সভাপতি শেখ জোয়ান বিন হামাদ আল থানি এবং আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটির প্রধান কার্স্টি কভেন্ট্রি।

ভারতের পতাকা হাতে সামনে মনু-পবন

উদ্বোধনী অনুষ্ঠানে খেলোয়াড়দের প্যারেডে নজর কেড়েছে ভারতীয় দলও। দু’বারের অলিম্পিক্স পদকজয়ী শুটার মনু ভাকের এবং কবাডি তারকা পবন শেরাওয়াত ভারতের পতাকাবাহক হয়ে সামনে থেকে নেতৃত্ব দেন প্রায় ১৫০ সদস্যের ভারতীয় দলকে। মনুর পরনে ছিল নেভি-ব্লু শাড়ি, আর ভারতীয় পুরুষ ক্রীড়াবিদদের পোশাকে ছিল নেভি-ব্লু ব্যান্ডগালা জ্যাকেট ও ট্রাউজার্স।

এ বারের এশিয়ান গেমসে প্রায় ১১ হাজার ক্রীড়াবিদ ৪৫টি দেশের হয়ে ৪৩টি খেলায় অংশ নিচ্ছেন। মোট ৪৬৯টি সোনার পদকের জন্য চলবে লড়াই। প্রতিযোগিতা চলবে ৪ অক্টোবর পর্যন্ত। ক্রিকেট, ফুটবল, বাস্কেটবল-সহ কয়েকটি খেলার লড়াই অবশ্য উদ্বোধনী অনুষ্ঠানের আগেই শুরু হয়ে গিয়েছে।

উদ্বোধনের জাঁকজমক তাই আপাতত ঢেকে দিল আয়োজকদের নিয়ে তৈরি হওয়া প্রশ্নগুলিকে। গেমস শুরুর আগে নানা ধরনের ভুল, লজিস্টিক সমস্যা এবং আবাসনের নানা অভিযোগ নিয়ে চাপে পড়েছিল আয়োজক কমিটি এবং ওসিএ। সেই আবহে নাগোয়ার বর্ণময় উদ্বোধন যেন এশিয়ান গেমসের সামনে নতুন করে আশার আলো জ্বালল।