• facebook
  • twitter
  • youtube
Friday, 5 June, 2026

কড়াকড়ির পথে বিসিসিআই

কড়া পদক্ষেপের কথা ভাবছে ভারতীয় বিসিসিআই। বোর্ডে বৈঠকে ক্রিকেটারদের জন্য পাঁচ বছরের ‘কুলিং-অফ পিরিয়ড’ চালুর প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে যোগ দেওয়ার প্রবণতা দিন দিন বাড়ছে। জাতীয় দলের বাইরে চলে যাওয়া বা ঘরোয়া ক্রিকেটে আর নিয়মিত না খেলার কারণে অনেক ক্রিকেটারই তুলনামূলক কম বয়সে অবসর নিয়ে নতুন কেরিয়ার গড়ছেন বিশ্বের বিভিন্ন টি-টোয়েন্টি লিগে। এবার সেই প্রবণতায় লাগাম টানতে কড়া পদক্ষেপের কথা ভাবছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

একাধিক সূত্রের খবর, সম্প্রতি বোর্ডের অ্যাপেক্স কাউন্সিলের ভার্চুয়াল বৈঠকে ক্রিকেটারদের জন্য পাঁচ বছরের ‘কুলিং-অফ পিরিয়ড’ চালুর প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। প্রস্তাবটি কার্যকর হলে আন্তর্জাতিক বা ভারতীয় ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর কোনও ক্রিকেটার বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে যাওয়ার আগে নির্দিষ্ট সময় অপেক্ষা করতে বাধ্য হতে পারেন।

বিসিসিআইয়ের এক কর্তার মতে, এই উদ্যোগের মূল উদ্দেশ্য ক্রিকেটারদের অবসরের সিদ্ধান্ত নেওয়ার আগে আরও গভীরভাবে ভাবতে উৎসাহিত করা। তাঁর বক্তব্য, “অনেক সময় ক্রিকেটাররা দ্রুত অবসর নিয়ে বিদেশি লিগে খেলার সিদ্ধান্ত নেন। আমরা চাই তাঁরা বিষয়টি আরও গুরুত্ব দিয়ে বিবেচনা করুন। তবে কোনও নিয়ম চালুর আগে সবদিক খতিয়ে দেখা হবে।”

বোর্ড সূত্রে জানা গিয়েছে, সক্রিয় ক্রিকেটারদের বিদেশি লিগের আকর্ষণে দ্রুত অবসর নেওয়ার প্রবণতা নিয়ন্ত্রণ করাই এই পরিকল্পনার মূল লক্ষ্য। যদিও পাঁচ বছরের কুলিং-অফ পিরিয়ড বাধ্যতামূলক হবে কি না, তা এখনও চূড়ান্ত হয়নি। এই বিষয়ে শেষ সিদ্ধান্ত নেবেন বিসিসিআই সভাপতি এবং সচিব।

আরও এক বোর্ড কর্তার বক্তব্য, “বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার পর কেউ যদি আবার ভারতীয় ক্রিকেটের সঙ্গে যুক্ত হতে চান, তাহলে অন্তত পাঁচ বছরের বিরতি থাকা উচিত। তবে বিষয়টি এখনও আলোচনার স্তরেই রয়েছে।”

সম্প্রতি ভারতীয় অলরাউন্ডার বিজয় শঙ্কর অবসর ঘোষণা করে লঙ্কা প্রিমিয়ার লিগের দল ক্যান্ডি রয়্যালসের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। একইভাবে সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন উইকেটকিপার-ব্যাটার কেএস ভরতও। এর আগে দীনেশ কার্তিক, যুবরাজ সিং, উন্মুক্ত চাঁদ, প্রবীণ তাম্বে এবং ইরফান পাঠানের মতো একাধিক ভারতীয় ক্রিকেটার অবসরের পর বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে অংশ নিয়েছেন।

ক্রিকেট বিশ্বের দ্রুত বদলে যাওয়া বাস্তবতায় বিদেশি লিগগুলির আর্থিক আকর্ষণ এবং জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে। সেই প্রেক্ষাপটে ভারতীয় ক্রিকেটের স্বার্থ রক্ষায় নতুন নীতি আনার কথা ভাবছে বিসিসিআই। এখন দেখার, দীর্ঘ আলোচনার পর বোর্ড শেষ পর্যন্ত এই কুলিং-অফ পিরিয়ড কার্যকর করে কি না এবং করলে তার চূড়ান্ত রূপরেখা কী হয়।