• facebook
  • twitter
  • youtube
Wednesday, 24 June, 2026

টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচের আগে ফর্মহীন অধিনায়ক হরমনপ্রীতকে ঘিরে বাড়ছে উদ্বেগ

এই গুরুত্বপূর্ণ সময়ে ভারতীয় সমর্থকদের নজর থাকবে অধিনায়কের দিকেই।

মহিলা টি-২০ বিশ্বকাপের গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছে যাওয়ার পরও ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌরের ব্যাটিং ফর্ম নিয়ে উদ্বেগ বাড়ছে। অধিনায়কের ব্যাট থেকে এখনও প্রত্যাশিত বড় ইনিংস আসেনি, আর সেটাই এখন চিন্তার বিষয় হয়ে উঠেছে ভারতীয় শিবিরে।

হরমনপ্রীতের প্রাক্তন সতীর্থ শিখা পাণ্ডে মনে করেন, অধিনায়কের সমস্যার সমাধান হয়তো যতটা জটিল মনে হচ্ছে, বাস্তবে ততটা নয়। বাংলাদেশের বিরুদ্ধে ভারতের ‘মরণ-বাঁচন’ ম্যাচের আগে শিখা হরমনপ্রীতকে পরামর্শ দিয়েছেন, পরপর দলের অন্যদের উইকেট পড়ে যাওয়া নিয়ে অতিরিক্ত চিন্তা না করে নিজের স্বাভাবিক আক্রমণাত্মক ব্যাটিংয়ে ফিরে যেতে। কারণ, এই আক্রমণাত্মক খেলাই তাঁর আসল পরিচয়।

বিশ্বকাপে ভারতের প্রথম কয়েকটি ম্যাচে হরমনপ্রীত ভালো শুরু পেলেও সেটিকে বড় স্কোরে পরিণত করতে পারেননি। শেষ তিন ম্যাচে ৬৬ বলে ৭২ রান করেছেন তিনি। গড় ২৪, স্ট্রাইক রেট ১০৯। ফলে দলের মিডল অর্ডারের অন্যতম প্রধান ভরসাকে ঘিরে প্রশ্ন উঠতে শুরু করেছে। শিখা বলেন, “হরমনের উচিত উইকেট পড়ে যাওয়া নিয়ে অতিরিক্ত চিন্তা না করা এবং নতুন করে ইনিংস গড়ার চেষ্টা না করা। হরমনপ্রীত কৌর যখন নিজের ছন্দে থাকে, তখন সে সম্পূর্ণ ভিন্ন মানের একজন ক্রিকেটার।”

ভারতীয় শিবির অবশ্য উদ্বিগ্ন নয়। দলের ব্যাটিং কোচ অনুপ কুমার অধিনায়কের পাশে দাঁড়িয়ে বলেছেন, “হরমনপ্রীত খুব ভালোভাবে ব্যাট করছে। অনেক সময় স্কোরবোর্ড সবকিছু বলে না। আমরা জানি ও কী ধরনের খেলোয়াড় এবং ওর একটি বড় ইনিংস সময়ের অপেক্ষা মাত্র।” ব্যাটিং কোচের কথায়, “ও বহু বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছে। এমন পরিস্থিতির মধ্য দিয়ে ও আগেও গেছে। তাই আমরা জানি কীভাবে ও ফিরে আসতে পারে।”

রবিবার ওল্ড ট্র্যাফোর্ডে দক্ষিণ আফ্রিকার কাছে ভারত ছ’উইকেটে হেরে যাওয়ায় টি-২০ বিশ্বকাপে গ্রুপ-১-এর লড়াই আরও জমে উঠেছে। হাড্ডাহাড্ডি লড়াইয়ের এই গ্রুপে ভারতের সামনে এখনও বাকি দুটি ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ।

এই টুর্নামেন্টের ফরম্যাট অনুযায়ী, গ্রুপের প্রতিটি দল বাকি পাঁচ দলের বিরুদ্ধে একবার করে খেলবে এবং সেরা দুই দল লন্ডনের ওভালে সেমিফাইনালে খেলবে। দুটি জয় ও একটি হারের ফলে ভারত ৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে। পাকিস্তান ও নেদারল্যান্ডসের বিরুদ্ধে বড় ব্যবধানে জয়ের সুবাদে তাদের নেট রান রেটও (২.৫১১) বেশ ভালো।

এর পর বৃহস্পতিবার ওল্ড ট্র্যাফোর্ডে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ ভারতের এবং ২৮ জুন লর্ডসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়াই। দক্ষিণ আফ্রিকার কাছে হারের ফলে এই দুটি ম্যাচের গুরুত্ব অনেক বেড়ে গিয়েছে। ভারতের আর ভুল করার কোনো সুযোগ নেই।
ওল্ড ট্র্যাফোর্ডে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে ভারতের টপ অর্ডার ভালো শুরু করলেও মিডল অর্ডার ব্যাটাররা তাকে বড় ইনিংসে পরিণত করতে পারেননি। বিশেষ করে অধিনায়ক হরমনপ্রীত ও মিডল অর্ডারের ধারাবাহিকতার অভাব এখন দলের জন্য উদ্বেগের কারণ হয়ে উঠেছে। এর ফলে ভারতের ইনিংস মাঝের ওভারগুলোতে গতি হারাচ্ছে।

তবে ইতিবাচক দিকও রয়েছে। ওপেনার স্মৃতি মান্ধানা ও শেফালি ভার্মা দুর্দান্ত ছন্দে আছেন। মান্ধানা তিন ম্যাচে ১৫৯ রান করেছেন, আর শেফালি আক্রমণাত্মক ব্যাটিংয়ে ভারতের শুরুটা ভাল করছেন।

ভারতের কোচ অমল মজুমদার অবশ্য দলের আক্রমণাত্মক মানসিকতার পক্ষে সওয়াল করেছেন। তিনি বলেন, “আমরা ভয়ডরহীন ক্রিকেট খেলছি এবং সেই পথেই এগোতে চাই।” তাঁর মতে, একটি হার দলের আত্মবিশ্বাস নষ্ট করার মতো নয়, তবে ভুলগুলো দ্রুত শুধরে নিতে হবে।

তবে এই গুরুত্বপূর্ণ সময়ে ভারতীয় সমর্থকদের নজর থাকবে অধিনায়কের দিকেই। সমালোচনা বাড়লেও দল এখনও তাঁর উপর পূর্ণ আস্থা রাখছে। এখন দেখার, পরের ম্যাচেই নিজের ব্যাটে জবাব দিতে পারেন কি না হরমনপ্রীত কৌর।