• facebook
  • twitter
  • youtube
Friday, 21 August, 2026

বিপুল আর্থিক ক্ষতি, তাই বড় সিদ্ধান্ত তামিম ইকবালদের, বন্ধ হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ!

বিপিএল না হলে ক্রিকেটারদের আর্থিক ক্ষতি হবে, তা তিনি স্বীকার করেছেন। তবে দীর্ঘমেয়াদে এই টুর্নামেন্টকে আরও শক্তিশালী এবং বিশ্বাসযোগ্য করে তোলাই তাঁর লক্ষ্য।

বিপুল আর্থিক ক্ষতি, তাই বড় সিদ্ধান্ত তামিম ইকবালদের, বন্ধ হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ!

Photo: X

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদের মাঠে সাম্প্রতিক টেস্ট জয় নিয়ে যখন মজে সে দেশের ক্রিকেটপ্রেমীরা, তখনই একটি দুঃসংবাদ আছড়ে পড়ল বাংলাদেশের ক্রিকেট মহলে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে বড় সিদ্ধান্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। চলতি বছরে হবে না সে দেশের প্রধান টি-২০ লিগ। গত দু’টি মরসুমে বিপিএল থেকে প্রায় ৪০ কোটি বাংলাদেশি টাকা, (ভারতীয় মুদ্রায় প্রায় ৩১ কোটি) ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি তামিম ইকবাল। তাই এ বছর এই টুর্নামেন্ট করার কোনো উপায় তাঁরা দেখছেন না।

বিপিএলকে ঘিরে গত কয়েক বছরে একের পর এক বিতর্ক হয়েছে। ক্রিকেটার ও ফ্র্যাঞ্চাইজিদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, বকেয়া টাকা এবং আর্থিক অনিয়মের মতো নানা সমস্যা সামনে এসেছে। এ বার সেই পরিস্থিতি সামলাতেই প্রতিযোগিতা আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

তামিম বলেছেন, ‘আমার মনে হয় না এ বছর বিপিএল হবে। আমি এ ভাবে বিপিএল আয়োজন করতে চাই না। গত দু’টি বছরে বিসিবি প্রায় ৪০ কোটি টাকা ক্ষতির মুখে পড়েছে’।

তবে বিপিএল বন্ধ করে দেওয়ার কোনও স্থায়ী সিদ্ধান্ত নয়, বরং প্রতিযোগিতাটিকে নতুন করে সাজানোর লক্ষ্যেই এই পদক্ষেপ বলে জানিয়েছেন তামিম। তাঁর কথায়, ‘সমস্যাগুলির সমাধান না হওয়া পর্যন্ত প্রতি বছর এই প্রতিযোগিতা আয়োজন করা আমাদের কাছে একেবারেই জরুরি নয়। আমরা কি এটা আয়োজন করতে চাই? একশো শতাংশ। কিন্তু তাড়াহুড়ো করে করতে চাই কি? একেবারেই না’।

বর্তমান পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক করতে দু’বছর পর্যন্তও সময় লাগতে পারে বলেও জানিয়েছেন বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক। তিনি বলেন, ‘যে প্রতিযোগিতা থেকে বিসিবির লাভ করার কথা, সেখানেই উল্টে ক্ষতি হচ্ছে। তাই পরিস্থিতি ঠিক না হওয়া পর্যন্ত প্রতি বছর আয়োজন করা আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। ঠিক ভাবে করতে যদি ছ’মাস, ১২ মাস বা ২৪ মাসও লাগে, আমি সেই সময় নেব’।

ফ্র্যাঞ্চাইজিদের নিয়েও কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন তামিম। তিনি স্পষ্ট করেছেন, বিসিবিকে লাভজনক জায়গায় ফিরিয়ে আনার পরেই ফের বিপিএল আয়োজন করা হবে। তামিমের আশা, আগামী বছরের এপ্রিল-মে মাসের মধ্যে ফ্র্যাঞ্চাইজিগুলিকে প্রস্তুত করে ফেলা যাবে।

একই সঙ্গে ক্রিকেটারদের সঙ্গেও কথা বলছেন তামিম। বিপিএল না হলে ক্রিকেটারদের আর্থিক ক্ষতি হবে, তা তিনি স্বীকার করেছেন। তবে দীর্ঘমেয়াদে এই টুর্নামেন্টকে আরও শক্তিশালী এবং বিশ্বাসযোগ্য করে তোলাই তাঁর লক্ষ্য।

তাঁর কথায়, ‘আমি ব্যক্তিগত ভাবে ক্রিকেটারদের সঙ্গে কথা বলছি। আমি যখন ক্রিকেটার ছিলাম, এমন পরিস্থিতিতে আমিও হতাশ হতাম। এটা সত্যি যে, ওদের আর্থিক ক্ষতি হবে। কিন্তু ওরাও বোঝে, বিপিএল এমন একটি প্রতিযোগিতা হওয়া উচিত, যা নিয়ে বিসিবি এবং বাংলাদেশ গর্ব করতে পারে’।

এ দিকে ভারত-বাংলাদেশ সিরিজের সূচি নিয়েও অনিশ্চয়তা রয়েছে। তামিম জানিয়েছেন, দু’দেশের সিরিজের তারিখ পরিবর্তিত হতে পারে। ভারতীয় দলের সেপ্টেম্বরে আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজ থাকায় সেপ্টেম্বরে ভারত-বাংলাদেশ সিরিজ হওয়া কার্যত কঠিন।