ভারতীয় মহিলা ‘এ’ দলের টি-টোয়েন্টি স্কোয়াডে জায়গা করে নিলেন কৃষ্ণনগরের সুজাতা দে। যারফলে ঝুলন গোস্বামীর পর আবারও জাতীয় মঞ্চে দেখা যেতে চলেছে নদিয়ার কোনও ক্রিকেটারকে। আগামী ১২ সেপ্টেম্বর থেকে অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারতীয় মহিলা ‘এ’ দল। সেই স্কোয়াডেই সুযোগ পেয়েছেন কৃষ্ণনগর রোড স্টেশন সংলগ্ন এলাকার বাসিন্দা তথা বাঁহাতি এই বোলিং অলরাউন্ডার।
অলরাউন্ডার ইতিমধ্যেই নজর কেড়েছেন সুজাতা। বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও বেশ স্বছন্দ তিনি। ঘরোয়া ক্রিকেটে বাংলার জুনিয়র ও সিনিয়র দলের হয়ে খেলার পাশাপাশি অনূর্ধ্ব-২৩ দলেও প্রতিনিধিত্ব করেছেন সুজাতা। এমনকি বেঙ্গল প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতাও রয়েছে তাঁর। রাজ্য ক্রিকেটে ধারাবাহিক ভালো পারফরম্যান্সই তাঁকে এ বার ভারতীয় ‘এ’ দলে সুযোগ করে দিয়েছে।
সুজাতার ক্রিকেটে আসা প্রায় ১৭ বছর বয়সে। সেসময় কৃষ্ণনগর ডিস্ট্রিক্ট স্টেডিয়ামের কোচিং ক্যাম্পে তাঁর ক্রিকেটে হাতেখড়ি হয়েছিল। কোচ বেনেডিক্ট গোমস, ঋতব্রত চৌধুরী এবং অভিজিৎ চৌধুরীর তত্ত্বাবধানে শুরু হয় প্রশিক্ষণ। ছোটবেলায় ক্রিকেটার হওয়ার কোনও পরিকল্পনা ছিল না তাঁর। একটা সময় দাদার পরিবর্তে মাঠে যাওয়া শুরু করেন সুজাতা। যা থেকে পরবর্তীকালে খেলার প্রতি আগ্রহ তৈরি হয় তাঁর। এরপর নিয়মিত অনুশীলন ও কঠোর পরিশ্রমে একে একে জেলা ক্রিকেট থেকে রাজ্য ক্রিকেটে নিজের জায়গা তৈরি করে নেন সুজাতা।
সরকারি কর্মচারী বাবা সুব্রত দে-সহ গোটা পরিবার মেয়ের এই সাফল্যে খুশি। সুজাতার ভারতীয় ‘এ’ দলে সুযোগের খবরে উচ্ছ্বাসে ভাসছে কৃষ্ণনগরের ক্রীড়ামহলেও। তবে, নিজের লক্ষ্যে স্থির সুজাতা। ‘এ’ দলের গন্ডি টপকে আপাতত জাতীয় দলে জায়গা করে নেওয়াই যে তাঁর একমাত্র লক্ষ্য।




