শহরে ব্রাজিল, উরুগুয়ের ফুটবল জাদুর ঘোর কাটতে না কাটতেই শীতের কলকাতায় আর এক ফুটবল উৎসব করার সিদ্ধান্ত নিয়ে ফেলল রাজ্য সরকার। এ বারও হতে চলেছে এক বড় ম্যাচ। সব ঠিকঠাক চললে ২৫ নভেম্বর হতে চলেছে স্প্যানিশ লিগের বিখ্যাত ডার্বি, সারা বিশ্ব যাকে চেনে ‘এল ক্লাসিকো’ (El Classico) নামে। অর্থাৎ, বার্সেলোনা বনাম রিয়েল মাদ্রিদ। বুধবার এই ঘোষণা করে দিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ (Indranil Khan)।
ব্রাজিল ও উরুগুয়ের বিরুদ্ধে ভারতের ফিফা ফ্রেন্ডলি ম্যাচ দু’টির মূল আয়োজক ছিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের। কিন্তু এই এল ক্লাসিকোর আয়োজনে পুরো দায়িত্ব নিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর (Suvendu Adhikari) তরফ থেকেও অনুমতি মিলেছে বলে জানিয়েছেন ক্রীড়ামন্ত্রী (Indranil Khan)। তিনি নাকি এই ম্যাচ নিয়ে বেশ উৎসাহী।
তবে এই এল ক্লাসিকো (El Classico) দুই ক্লাবের বর্তমান তারকাদের নিয়ে নয়, হবে প্রাক্তনদের নিয়ে। দুই ক্লাবের প্রাক্তনরা, যাঁদের সারা দুনিয়া ফুটবল কিংবদন্তি হিসেবে চেনে, তাঁরা একে অপরের মুখোমুখি হবে। সেই নামগুলি শুনলেও ফুটবলপ্রেমীরা চমকে যেতে পারেন।
গত বছরও এল ক্লাসিকো (El Classico) লেজেন্ডস নামের একটি ম্যাচ হয়েছিল গত বছর এপ্রিলে, নভি মুম্বাইয়ে। সেখানকার ডিওয়াই পাটিল স্টেডিয়ামে সেই বিশেষ প্রদর্শনী ম্যাচে রিয়াল মাদ্রিদ লেজেন্ডস ২-০-য় হারিয়েছিল বার্সেলোনা লেজেন্ডসকে।
রিয়ালের হয়ে গোল করেছিলেন ফের্নান্দো মরিয়েন্তেস ও ডেভিড বারাল। সেই ম্যাচে বার্সেলোনা লেজেন্ডস-এর হয়ে খেলেছিলেন কার্লেস পুয়োল (অধিনায়ক), ভিত্তর বাইয়া, জোফ্রে মাতেউ, ফার্নান্দো নাভারো, হাভিয়ে সাভিওলা, ফিলিপ কোকু, ফ্র্যাঙ্ক ডি বার, জিওভান্নি সিলভা, রিভালদো, গাইকা মেন্ডিয়েতা, হাভি হার্নান্দেজ, হোসে এদমিলসন, প্যাট্রিক ক্লুইভার্টদের মতো কিংবদন্তিরা।
অন্যদিকে রিয়াল মাদ্রিদ দলের হয়ে মাঠে নেমেছিলেন লুই ফিগো (অধিনায়ক), পেদ্রো কনত্রেরাস, ফ্রান্সিসকো পাভন, আগস্তিন গার্সিয়া, হোর্হে জোকো, ইভান পেরেজ, হেসুস এনরিক ভেলাস্কো, হোসে লুইস কাব্রেরা, দাভিদ বারাল, ক্রিশ্চিয়ান কারেম্বু, ফার্নান্দো মোরিয়েন্তেস, পেপে, মাইকেল ওয়েনদের মতো প্রাক্তন তারকারা।
আরও পড়ুন: ফের চোট, নিউজিল্যান্ড সফরের প্রথম দুই ম্যাচে নেই ঋষভ পন্থ
নভেম্বরে কলকাতার ম্যাচে কারা খেলবেন, তা এখনও জানা যায়নি। তবে এঁদের অনেককেই দেখা যাবে যুবভারতীর মাঠে নামতে। বুধবার সমাজমাধ্যমে এই ঘোষণা করেন ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ (Indranil Khan)। যাঁদের সঙ্গে চুক্তি করে এই ম্যাচে আয়োজন করতে চলেছে রাজ্য সরকার, তাঁদের প্রতিনিধিদের সঙ্গে ছবিও পোস্ট করেন তিনি।
সঙ্গে লেখেন, ‘বার্সোলোনা লেজেন্ডস বনাম রিয়াল মাদ্রিদ লেজেন্ডস ম্যাচ আসছে ২৫ নভেম্বর, ২০২৬-এ, বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে’। এই ঘোষণার পর থেকেই শুরু হয়ে গিয়েছে কাউন্ট ডাউন। আর দেড় মাস পরেই তো সেই দিন, ২৫ নভেম্বর।
দেখুন:<iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/N6g_XzAG6tA?si=tTlInQvtovbbr7U7″ title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>