কলকাতা ফুটবল লিগে ভবানীপুর এবারে দারুণ নজর কেড়েছে। কোচ রঞ্জন চৌধুরী যেভাবে ভবানীপুরের ফুটবলারদের প্রশিক্ষণ দিয়েছেন, তাতে যে কোনও দলের কাছে ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। গত সপ্তাহে শুক্রবারে মোহনবাগান সুপার জায়ান্টের মতো দলকে হারিয়ে শিরোনামে উঠে আসে। আর এবারে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে লড়াই করতে নেমে পয়েন্ট কেড়ে নিল ভবানীপুর।
আর এই দিনটাও সেই শুক্রবার। ছয় ম্যাচের মধ্যে টানা পাঁচটি ম্যাচ জিতে ভবানীপুরের নাম এখন সবার মুখে মুখে। তাই এদিন সবারই নজর ছিল গতবারের চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল দলকে হারাতে পারে কিনা। ভবানীপুর জয় না পেলেও শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র করে ইস্টবেঙ্গলের কাছ থেকে একটা পয়েন্ট তুলে নিল।
এবারে কলকাতা ফুটবল লিগে ভালো ছন্দেই রয়েছে ইস্টবেঙ্গল। তবুও ইস্টবেঙ্গলের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে ভবানীপুর উ্জ্জীপিত ফুটবল খেলবে, এটাই স্বাভাবিক। যে দলে আক্রমণভাগের ফুটবলার সাহিল হরিজন ও জিতেন মুর্মুর মতো ফুটবলার রয়েছেন, সেখানে ছবি পাল্টিয়ে যেতেই পারে। সাহিল ও জিতেন আক্রমণে দুরন্ত ভূমিকায় রয়েছেন। তাই এই ম্যাচেও উজার করে খেলেছেন তাঁরা। লিগ টেবলে শীর্ষে রয়েছে ভবানীপুর। ইস্টবেঙ্গল এদিন জিততে পারলে লিগ টেবলে তারা শীর্ষে পৌঁছে যেত। ইস্টবেঙ্গলের কোচ বিনো জর্জ ছক কষে খেলার জন্য ফুটবলারদের নির্দেশ দিয়েছিলেন। খেলার শুরু থেকেই দুই দলই আক্রমণ গড়ে তোলার চেষ্টা করে। ইস্টবেঙ্গলে যেমন বিজয় মুর্মু ও তেমনই ভবানীপুরের সাহিল হরিজনের প্রশংসা করতেই হবে। পাশাপাশি, বেশ কিছু সুযোগ লাল-হলুদ ফুটবলাররা নষ্ট করেছেন। বিরতির আগে কোনও পক্ষই গোল করতে পারেনি। কিন্তু দ্বিতীয় পর্বের শুরুতেই ভবানীপুরের শ্যামল বেসরা গোল পেয়ে যান। ২১ বছর বয়সী এই ফুটবলার অত্যন্ত বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে গোল করেছেন।




