ভাঁইফোটায় আনন্দে জল ঢালবে বৃষ্টি! উত্তর-দক্ষিণে কী পূর্বাভাস?

Image: IANS

কালীপুজোর সময়ে শহরে বৃষ্টির পূর্বাভাস থাকলেও তা হয়নি। তবে ভাইফোঁটায় বৃষ্টি বাঁধ সাধতে চলেছে। মঙ্গল ও বুধবার কলকাতা ও দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে ফের শুষ্ক আবহাওয়ার দেখা মিলবে।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বৃষ্টি হলেও রাজ্যের তাপমাত্রা এক ধাক্কায় ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। এর ফলে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকেই হালকা শীত অনুভূত হতে পারে। মঙ্গলবার উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের বেশিরভাগ এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কোনও জেলাতেই তেমন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।

মঙ্গলবার দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার দক্ষিণবঙ্গের পাঁচটি জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।


বৃহস্পতিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। এদিন কলকাতা-সহ বেশ কিছু জেলায় কুয়াশা থাকবে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় মঙ্গল ও বুধবার হালকা বৃষ্টি হতে পারে। তবে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।

বৃহস্পতিবার থেকে কলকাতায় বৃষ্টির সম্ভাবনা কমবে। সকালের দিকে কুয়াশার সম্ভাবনা বাড়বে। মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.২ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি। মঙ্গলবার উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলায় মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। এই জেলাগুলিতে হলুদ সর্তকতা জারি করা হয়েছে।

আরও পড়ুন: গড়িয়ার খুনের ঘটনার পুননির্মাণ, ধৃত মা-মেয়েকে নিয়ে ঘটনাস্থলে পুলিশ

বুধবার উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার থেকে ধীরে ধীরে বৃষ্টির সম্ভাবনা কমবে।