• facebook
  • twitter
  • youtube
Thursday, 6 August, 2026

রাজ্যের গুন্ডা দমন আইনে বিরোধিতায় করে জনস্বার্থ মামলা প্রত্যাহার

রাজ্যের গুন্ডাদমন আইন নিয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলা প্রত্যাহার করা হয়েছে। রাজ্যের পক্ষ থেকে আদালতে জানানো হয়

রাজ্যের গুন্ডা দমন আইনে বিরোধিতায় করে জনস্বার্থ মামলা প্রত্যাহার

Photo: File photo

রাজ্যের গুন্ডাদমন আইন নিয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলা প্রত্যাহার করা হয়েছে। রাজ্যের পক্ষ থেকে আদালতে জানানো হয়, সংশ্লিষ্ট বিলটি এখনও রাষ্ট্রপতির সম্মতির অপেক্ষায় রয়েছে। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি জানান, যেহেতু এখনও রাষ্ট্রপতির সম্মতি মেলেনি, তাই আইন কার্যকর হওয়ার পরেই মামলার শুনানির বিষয়টি বিবেচনা করা হবে। ফলে এই পর্যায়ে মামলাগুলি কার্যত গুরুত্বহীন হয়ে পড়েছে।

গত ২৯ জুন বিধানসভায় ‘দ্য ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি-সোশ্যাল অ্যাক্টিভিটিজ বিল, ২০২৬’ বা বহুচর্চিত ‘গুন্ডাদমন বিল’ পেশ করেছিল বিজেপি সরকার। বিধানসভায় বিলটি পেশ করেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বিশাল লামা। কেন এই বিল আনা হয়েছে, তার ব্যাখ্যাও দিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

বিলটি নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক বিতর্ক শুরু হয়েছিল। বিরোধীদের দাবি, এই আইনের অপব্যবহারের আশঙ্কা রয়েছে। অন্যদিকে রাজ্য সরকারের দাবি, সমাজবিরোধী কার্যকলাপ ও সংগঠিত অপরাধ দমনের পাশাপাশি রাজ্যের আইনশৃঙ্খলা আরও শক্তিশালী করতেই এই বিল আনা হয়েছে।

১৩ জুলাই রাজ্যে লাগু হয়েছিল এই গুণ্ডাদমন বিল। আর সেই দিনই এই আইনের ওপর অবিলম্বে স্থগিতাদেশ চেয়ে  আদালতের দৃষ্টি আকর্ষণ করেছিলেন সিপিএম নেতা তথা আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। তাঁর আবেদন মেনে জনস্বার্থ মামলা দায়েরের অনুমতি দিয়েছিলেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ।

বিধানসভায় পেশ হওয়ার আগেই প্রস্তাবিত ‘দ্য ওয়েস্ট বেঙ্গল মেনটেন্যান্স অব পাবলিক অর্ডার (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬’ এবং ‘দ্য ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অব অ্যান্টি-সোস্যাল অ্যাকটিভিজ বিল, ২০২৬’ দুই বিলকে ‘কালা কানুন’ বলেছিলেন বামেরা। সেই প্রেক্ষিতে দুই বিলের বিরুদ্ধে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন বর্ষীয়ান আইনজীবী তথা সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য। তারপরেই আইন লাগু হওয়ার দিনই কলকাতা হাইকোর্টে মামলা হয়েছিল। তবে আজ সেই মামলাটি প্রত্যাহার করা হয়েছে।