অভিষেকের ‘সেবাশ্রয়’-এর নামে মেডিক্যাল কলেজের কাঠামো! প্রশ্ন হাইকোর্টের

Image: AI নির্মিত

ফলতায় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘সেবাশ্রয়’ নিয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলায় এবার কার্যত ক্ষোভ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। খেলার মাঠ দখল করে বেআইনি ভাবে ‘সেবাশ্রয়’-এর দু’টি নির্মাণ করা হয়েছে। এই অভিযোগ তুলে সেগুলি ভেঙে ফেলার আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন ফলতার এক বাসিন্দা।

বুধবার মামলার শুনানিতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তীর নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, ‘সেবাশ্রয় নামে মেডিক্যাল কলেজের স্ট্রাকচার গড়ে উঠেছে!’ আদালতের প্রশ্ন, ওই নির্মাণের ক্ষেত্রে প্রয়োজনীয় অনুমতি বা আইন মেনে কাজ হয়েছে কি না।

মামলাকারীর পক্ষের আইনজীবীর বক্তব্য, ফলতায় খেলার মাঠের জায়গা দখল করে ‘সেবাশ্রয়’-এর নামে দু’টি নির্মাণ করা হয়েছে। সেই নির্মাণ সরিয়ে মাঠটি আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার আবেদন জানানো হয়েছে কলকাতা হাইকোর্টে।


শুনানিতে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলে আদালত। বিচারপতির প্রশ্ন, ‘পুলিশকে ডেকে পাঠিয়ে আমাদের বলতে হবে? না পুলিশকে রাজ্য সেবাশ্রয় ভাঙার নির্দেশ দেবে?’ আদালতের এই মন্তব্যে স্পষ্ট হয়, নির্মাণের বৈধতা এবং তা সরানোর বিষয়ে প্রশাসনের ভূমিকা নিয়ে সন্তুষ্ট নয় ডিভিশন বেঞ্চ।

আদালতের তরফে আরও জানানো হয়, ফলতায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওই সেবাশ্রয়ের নির্মাণ সরিয়ে দিতে হবে। তবে কীভাবে এবং কোন কর্তৃপক্ষের মাধ্যমে তা কার্যকর হবে, সে বিষয়ে পরবর্তী শুনানিতে আরও বিস্তারিত নির্দেশ দিতে পারে আদালত।

আরও পড়ুন: সরকারি হাসপাতালে ছানি অপারেশনের পরে দৃষ্টিহীন, ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ হাইকোর্টের

মামলাটি আগামী সপ্তাহে ফের শুনানির জন্য তালিকাভুক্ত করা হয়েছে। ফলে আগামী শুনানিতে রাজ্য ও প্রশাসনের তরফে কী বক্তব্য আদালতে তুলে ধরে এবং ‘সেবাশ্রয়’-এর ওই দুই নির্মাণ নিয়ে আদালত কী চূড়ান্ত নির্দেশ দেয়, সেই দিকেই নজর রয়েছে আইনজীবী মহলের একাংশের।