• facebook
  • twitter
  • youtube
Thursday, 17 September, 2026

কলকাতায় হয়ে গেল ‘দ্য স্টেটসম্যান রুরাল রিপোর্টিং অ্যাওয়ার্ডস’, সেই সঙ্গে হল সংবাদমাধ্যমের ভবিষ্যৎ নিয়ে আলোচনা

অনুষ্ঠানটির সঞ্চালনা করেন 'দ্য স্টেটসম্যান'-এর সম্পাদক তথা এমডি রবীন্দ্র কুমার। সাংবাদিকতার মতো পবিত্র পেশায় গ্রামীণ ভারতকে তুলে ধরার এই প্রয়াসকে সাধুবাদ জানিয়েছে বুদ্ধিজীবী মহল

কলকাতায় হয়ে গেল ‘দ্য স্টেটসম্যান রুরাল রিপোর্টিং অ্যাওয়ার্ডস’, সেই সঙ্গে হল সংবাদমাধ্যমের ভবিষ্যৎ নিয়ে আলোচনা

Image: SNS

 দেশের গ্রামভিত্তিক ও পরিবেশ বিষয়ক সাংবাদিকতাকে সম্মানিত করতে প্রতিবারের মতো এবারও কলকাতায় আয়োজিত হল ঐতিহ্যবাহী ‘দ্য স্টেটসম্যান (The Statesman) অ্যাওয়ার্ডস ফর রুরাল রিপোর্টিং অ্যান্ড কুশরো ইরানি প্রাইজ ফর এনভায়রনমেন্টাল রিপোর্টিং ২০২৫’। বুধবার ‘দ্য স্টেটসম্যান’ (The Statesman)  গ্রুপের উদ্যোগে এই মর্যাদাপূর্ণ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। শহরের কলা কুঞ্জ (কলামন্দির) প্রেক্ষাগৃহে এক সান্ধ্য অনুষ্ঠানের মাধ্যমে এই বিশেষ সম্মান প্রদান কর্মসূচিটি সম্পন্ন হয়। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন ‘দ্য স্টেটসম্যান’ (The Statesman ) -এর সম্পাদক তথা এমডি রবীন্দ্র কুমার (Rabindra Kumar)। সাংবাদিকতার মতো পবিত্র পেশায় গ্রামীণ ভারতকে তুলে ধরার এই প্রয়াসকে সাধুবাদ জানিয়েছে বুদ্ধিজীবী মহল।

এবার রুরাল রিপোর্টিং-য়ে (The Statesman)  পুরস্কৃত সেরা চার জন হলেন দীপ্তি রাউত, জ্যোতি যাদব, রেজি জোসেফ এবং আর সাম্বান। তাঁদের সম্মানিত করার জন্য এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। তাঁকে সম্মানিত করেন রবীন্দ্র কুমার এবং ‘দ্য স্টেটসম্যান’ (The Statesman) গ্রুপের ডিরেক্টর বিনীত গুপ্তা (Vinit Gupta)। অনুষ্ঠান শেষে বক্তৃতা দেন মন্ত্রী অগ্নিমিত্রা (Agnimitra Paul)। সেখানে তিনি গ্রামীণ ভারতের উন্নয়নের উপর গুরুত্বের কথা তুলে ধরেন। পুরস্কৃত এই চার সাংবাদিকের প্রত্যন্ত গ্রামে গিয়ে মানুষের দৈনন্দিন সমস্যা তুলে ধরার জন্য ভূয়সী প্রশংসা করেন তিনি।

পুরস্কার বিতরণের পাশাপাশি বর্তমান গণমাধ্যমের সংকট ও ভূমিকা নিয়ে একটি বিশেষ প্যানেল আলোচনার আয়োজন করা হয়। এই আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে, ‘দ্য মিডিয়া অ্যালোন ইজ টু ব্লেম ফর দ্য মেস ইট ইজ ইন’। উক্ত আলোচনায় অংশগ্রহণ করেন  দেশের বিশিষ্ট সাংবাদিক ও প্রবীণ সম্পাদকবৃন্দ— মুকুন্দ পদ্মভন, আর রাজাগোপাল, কৃষ্ণ প্রসাদ এবং সিদ্ধার্থ ভাটিয়া। সংবাদমাধ্যমের স্বাধীনতা ও নিরপেক্ষতা রক্ষার বিষয়ে এই প্যানেল আলোচনা নতুন বার্তা দিয়েছে।