• facebook
  • twitter
  • youtube
Tuesday, 7 July, 2026

হাইকোর্টে পিছিয়ে গেল তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ সংক্রান্ত মামলার শুনানি

আদালতের সেই প্রশ্নের পরে সলিসিটর জেনারেল তুষার মেহেতা জানিয়েছিলেন, পুলিশের তদন্তের অগ্রগতির রিপোর্ট জমা দেওয়া হবে। একটা দলের একাধিক নেতা ভিন্ন বয়ান দেওয়ার ফলে কে তৃণমূলে রয়েছেন, সেই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

হাইকোর্টে পিছিয়ে গেল তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ সংক্রান্ত মামলার শুনানি

File Photo

কলকাতা হাইকোর্টে তৃণমূল কংগ্রেসের দলীয় অ্যাকাউন্ট ফ্রিজ সংক্রান্ত মামলার শুনানি পিছিয়ে গেল। বুধবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে এই মামলাটির শুনানি ছিল। কিন্তু তা হচ্ছে না। বুধবারের পরিবর্তে বৃহস্পতিবার শুনানির আবেদন করা হয়। আদালত সেই আবেদন মঞ্জুর করায় বৃহস্পতিবারই তদন্তের অগ্রগতির রিপোর্ট পেশ করা হবে।

জানা গিয়েছে, সলিসিটর জেনারেল তুষার মেহতা ব্যক্তিগত কারণ দেখিয়ে ওইদিন অনুপস্থিত থাকার কথা আদালতকে জানান। সূত্রের খবর, তৃণমূলের পক্ষের আইনজীবী কিশোর দত্ত শুনানির আগেই মামলাটি দ্রুত নেওয়ার আর্জি জানান। তিনি জানিয়েছিলেন, বর্ষীয়ান আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি আদালতে উপস্থিত রয়েছেন। তাই তিনি শুনানি এগিয়ে নিয়ে যাওয়ার আবেদন জানান। কিন্তু আদালত তাঁর আবেদন গ্রহণ করেনি।

এর আগের শুনানিতে তৃণমূলের আইনজীবী অভিষেক মনু সিংভি আদালতের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। আদালতে অভিষেক মনু সিংভি জানিয়েছিলেন, অভিযোগ হওয়ার পরের দিনই তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেল। এর জন্য ২৪ ঘণ্টা সময়ও লাগেনি। পুলিশ দিয়ে যে একটা সক্রিয় রাজনৈতিক দলকে সরানো যায়, এটা তারই প্রমাণ। এরপরেই বিচারপতি জানিয়েছিলেন, ২৮ জুন সন্ধ্যা ৬টায় অভিযোগ দায়ের করা হয়। আর ঠিক তার পরের দিন সকালে ব্যাঙ্কের তরফে অ্যাকাউন্ট ফ্রিজ করার কথা জানানো হয়। অভিযোগ দায়েরের সময় নিয়ে কোর্ট চিন্তিত।

বিচারপতির দাবি, অভিযোগ জানানোর আগে তৃণমূলের যে অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে, তা নিয়ে কোনও অপরাধের অভিযোগ ওঠেনি। কিন্তু তারপরেও পুলিশ অভিযোগ পাওয়ার পরেই দ্রুত অ্যাকাউন্ট ফ্রিজ করে দিল কেন? আদালতের সেই প্রশ্নের পরে সলিসিটর জেনারেল তুষার মেহেতা জানিয়েছিলেন, পুলিশের তদন্তের অগ্রগতির রিপোর্ট জমা দেওয়া হবে। একটা দলের একাধিক নেতা ভিন্ন বয়ান দেওয়ার ফলে কে তৃণমূলে রয়েছেন, সেই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তাই পুরো দিকটা খতিয়ে না দেখে অ্যাকাউন্ট চালুর নির্দেশ দেওয়া ঠিক নয় বলে তিনি জানিয়েছেন।

হাইকোর্টের তরফে জানানো হয়েছে, ব্যাঙ্ককে হলফনামা দিয়ে জানাতে হবে তারা কীসের জন্য অ্যাকাউন্টগুলি ফ্রিজ করেছে। সেই সঙ্গে অ্যাকাউন্টে কত টাকা রয়েছে সেটাও ব্যাঙ্ককে জানাতে হবে বলে আদালতের তরফে জানানো হয়েছে। আগামী বুধবার এই মামলার পরবর্তী শুনানি ছিল। তবে এবার বুধবারের বদলে তা বৃহস্পতিবার করা হবে।