নিউটাউনে হাড়হিম করা ঘটনা। লিভ-ইন পার্টনারের রহস্যজনক মৃত্যু ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের নাম তৃষা সাহা (২৫)। রক্তাক্ত অবস্থায় তাঁর লিভ-ইন পার্টনার সৌভিক রায়কে পুলিশ বন্ধ ঘর থেকে উদ্ধার করে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। নিউটাউন থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।
পুলিশ সূত্রের খবর, নিউটাউন চন্ডিবেড়িয়ার একটি ফ্ল্যাটে তৃষা ও সৌভিক একসঙ্গে সহবাস করছিলেন। বিগত চার মাস ধরে তাঁরা সেই ফ্ল্যাটে একসঙ্গে থাকছিলেন। সোমবার ওই ফ্ল্যাটের বন্ধ ঘর থেকে পুলিশ তৃষার ঝুলন্ত দেহ উদ্ধার করে। অন্যদিকে, সৌভিককে ওই ঘর থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। তৃষার শরীরে কোনও আঘাতের চিহ্ন রয়েছে কি না পুলিশ তা খতিয়ে দেখছে।
পুলিশ সূত্রের খবর, এখনও পর্যন্ত তৃষার মৃত্যুর কারণ স্পষ্ট নয়। অন্যদিকে, সৌভিকের কী করে এমন পরিণতি হল সেই সম্পর্কেও কিছু জানা যায়নি। তবে তৃষাকে মারধর করে তাঁকে ঝুলিয়ে দেওয়া হয়েছে কি না? অন্যদিকে, তৃষার মৃত্যুর পিছনে সৌভিকের কোনও হাত রয়েছে কি না? সৌভিক নিজে আত্মহত্যার চেষ্টা করেছেন কি না? পুলিশ এখন এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজছে।
পুলিশের কাছে এখনও পর্যন্ত তৃষা ও সৌভিকের এরকম পরিণতি কী করে হল তা স্পষ্ট নয়। তবে পুলিশের প্রাথমিক অনুমান, সম্পর্কে ঝগড়া-ঝামেলার কারণে এরকম পরিণতি হতে পারে। তবে এরকম মর্মান্তিক পরিণতির পিছনে অন্য কারও হাত রয়েছে কি না পুলিশ তা খতিয়ে দেখে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।
এই প্রতিবেদনটির বিষয় অত্যন্ত সংবেদনশীল। কারও মনে যদি আত্মহননের চিন্তা আসে বা কেউ মানসিক ভাবে সংকটে থাকেন, তা হলে সাহায্যের জন্য যোগাযোগ করুন।
Lifeline Foundation
Number: +91 90880 30303 / +91 91639 40404
Hours: 10:00 AM – 10:00 PM daily
Languages: Bengali, Hindi, English
iCALL (TISS)
Number: 022-25521111
Hours: Monday to Saturday, 10:00 AM – 8:00 PM
Languages: Bengali, Hindi, English




