সংবিধান দিবসে বিরোধীদের নিশানা শুভেন্দুর, জরুরি অবস্থা ও শিখ দাঙ্গার প্রসঙ্গ তুলে আক্রমণ

Image: X/cmowbgov

সংবিধান দিবস উপলক্ষে বৃহস্পতিবার বিধানসভা চত্বরে সংবিধানের স্থপতি ড. বি আর আম্বেদকরের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কংগ্রেস-সহ রাজ্যের ও দেশের বিরোধী দলগুলিকে আক্রমণ করেন তিনি। সংবিধান রক্ষার প্রশ্নে বিরোধীদের দ্বিচারিতার অভিযোগ তুলে জরুরি অবস্থা, ১৯৮৪ সালের শিখ দাঙ্গা এবং সাম্প্রতিক নির্বাচনের প্রসঙ্গ টানেন মুখ্যমন্ত্রী।

শুভেন্দু বলেন, বাবাসাহেব আম্বেদকরের প্রণীত সংবিধান মেনেই দেশ ও সরকার চলছে এবং গণতন্ত্র শক্তিশালী হচ্ছে। জনপ্রতিনিধি, আইনপ্রণেতা, বিচারব্যবস্থা, সংবাদমাধ্যম থেকে শুরু করে সাধারণ মানুষ—সকলেরই সংবিধান মেনে চলা উচিত। তবে রাজ্যের পূর্বতন তৃণমূল সরকারের আমলে সংবিধানের চারটি স্তম্ভের উপর আঘাত করা হয়েছিল বলে অভিযোগ করেন তিনি।

আরও পড়ুন: সংবিধান দিবসে মহিলা সংরক্ষণ বিল নিয়ে বিরোধী ও ‘দিমাগী নকশাল’দের নিশানা মোদীর


বিরোধী দলনেতা থাকাকালীন নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে শুভেন্দু বলেন, তাঁকে পাঁচবার সাসপেন্ড করা হয়েছিল। মোট সাড়ে ১১ মাস বিধানসভার বাইরে থাকতে হয়েছিল তাঁকে। তাঁর কথায়, সংবাদমাধ্যমও আক্রান্ত হয়েছে। সংবাদমাধ্যমের সম্পাদকদের বিরুদ্ধে মামলা এবং সন্দেশখালি, বারুইপুর ও বাগদার মতো ঘটনার খবর করতে গিয়ে সাংবাদিকদের আক্রান্ত হওয়ার প্রসঙ্গও উল্লেখ করেন তিনি। মুখ্যমন্ত্রীর দাবি, বিজেপি সরকারের ২০০ দিনের শাসনে সংবাদমাধ্যমের উপর এমন আক্রমণের কোনও উদাহরণ কেউ দেখাতে পারবেন না।

২০২১ সালের নির্বাচন-পরবর্তী হিংসার প্রসঙ্গ টেনে ২০২৬ সালের বিধানসভা ভোটের পরিবেশের প্রশংসা করেন শুভেন্দু। নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়ে তাঁর দাবি, ৫০ বছর পর পশ্চিমবঙ্গে এমন নির্বাচন হয়েছে, যেখানে কোনও মৃত্যুর ঘটনা ঘটেনি, এমনকি কেউ আহত হয়ে হাসপাতালে যাননি। ফলতা বিধানসভা কেন্দ্র ছাড়া অন্য কোথাও পুনর্নির্বাচন হয়নি বলেও জানান তিনি।

আরও পড়ুন: বেকার যুবক-যুবতীদের জন্য ‘ভরসা’, কারা পাবেন মাসে ১৫০০-২০০০? সরকারের বিজ্ঞপ্তি প্রকাশ

সর্বভারতীয় রাজনীতিতে বিরোধীদের অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, কেরল বা তামিলনাড়ুতে বিরোধীরা জিতলে তাকে গণতন্ত্রের জয় বলা হয়। কিন্তু আসাম, বিহার, পশ্চিমবঙ্গ বা মহারাষ্ট্রে বিজেপি জিতলেই ইভিএমে কারচুপির অভিযোগ তোলা হয়। রাজস্থানের পুরসভা নির্বাচনে হারলে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ করা হয়, আবার পঞ্চায়েত নির্বাচনে ভালো ফল হলে তাকে জয়যাত্রার সূচনা বলে প্রচার করা হয়।

জরুরি অবস্থার প্রসঙ্গ তুলে ইন্ডি জোটকেও নিশানা করেন শুভেন্দু। তাঁর বক্তব্য, যাঁরা দেশে জরুরি অবস্থার কালো দিন এনেছিলেন, তাঁদের বা তাঁদের সহযোগীদের সংবিধান দিবস পালন কিংবা সংবিধানের কথা বলার অধিকার নেই। ১৯৮৪ সালের শিখ দাঙ্গার প্রসঙ্গ টেনেও কংগ্রেসকে আক্রমণ করেন তিনি। পাশাপাশি বাংলাদেশে হিন্দুদের উপর হামলার ঘটনায় বিরোধীদের প্রতিবাদ না করা এবং গাজায় বোমাবর্ষণের ঘটনায় মিছিল করার প্রসঙ্গ তুলে তাঁদের অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপিই আম্বেদকরের সংবিধান রক্ষায় কাজ করছে বলে দাবি করেন তিনি।

দেখুন:<iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/_cWtECbrmBU?si=skcl0pKMWJy9WpbF” title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>