• facebook
  • twitter
  • youtube
Thursday, 23 July, 2026

শীর্ষ আদালতের নির্দেশ মেনে এবার রাজ্যে তৈরি হচ্ছে এনআইএ-এর বিশেষ আদালত

এনআইএ-এর আদালত তৈরির বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ভার বিচারভবনে মুখ্য বিচারকের এজলাসের উপর দায়িত্ব দিয়েছে হাইকোর্ট

শীর্ষ আদালতের নির্দেশ মেনে এবার রাজ্যে তৈরি হচ্ছে এনআইএ-এর বিশেষ আদালত

NIA Photo-ANI

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এবার রাজ্যে তৈরি হতে চলেছে জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ-র বিশেষ আদালত। এই আদালত কোথায় তৈরি হবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টই নেবে বলে জানা গিয়েছে। এই বিশেষ আদালতে শুধুমাত্র এনআইএ-র মামলাগুলিরই শুনানি হবে। ওয়াকিবহল মহলের ধারণা, এনআইএ-র বিশেষ আদালত তৈরি হলে জমে থাকা মামলাগুলির আরও দ্রুত নিষ্পত্তি হবে। অর্থাৎ এবার এনআইএ-র থানার পর এনআইএ আদালত তৈরি হতে চলেছে রাজ্যে।

সুপ্রিম কোর্ট আগেই এক নির্দেশ জানিয়েছিল, গোটা দেশেই এনআইএ-এর মামলা বাড়ছে। তাই ওই সব মামলা দ্রুত নিষ্পত্তি করতে সুনির্দিষ্ট ও পৃথক আদালত গঠন করা দরকার। সেই নির্দেশ মেনেই রাজ্যে জাতীয় তদন্তকারী সংস্থার পৃথক আদালত তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এনআইএ-এর আদালত তৈরির বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ভার বিচারভবনে মুখ্য বিচারকের এজলাসের উপর দায়িত্ব দিয়েছে হাইকোর্ট।

এনআইএ সূত্রে খবর, বেশ কিছুদিন ধরেই বাংলায় তাদের মামলার সংখ্যাও বেশ বেড়েছে। বর্তমান পরিকাঠামোয় ওই মামলাগুলির দ্রুত নিষ্পত্তি সম্ভব নয়। তাই পৃথক আদালত গঠন করা জরুরি। পৃথক আদালত তৈরি হলে বকেয়া মামলাগুলির কাজ দ্রুত শেষ করা সম্ভব হবে।
প্রসঙ্গত, বুধবারই রাজ্য মন্ত্রীসভায় জাতীয় তদন্তকারী সংস্থার জন্য আলাদা থানা তৈরির সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে। জানা গিয়েছে, সমস্ত সরকারি প্রক্রিয়া শেষের পর অতি দ্রুত থানা নির্মাণের কাজ শুরু হবে। তবে ওই থানা কোথায় হবে সে বিষয়ে এখনও কিছু জানানো হয়নি। প্রশাসনিক সূত্রের খবর, খুব শীঘ্রই এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।