প্রেসিডেন্সি জেলে বন্দি খুনে রহস্য, জেলের ভিতরেই লুকিয়ে অস্ত্র?

File Photo

ছক কষেই খুন করা হয়েছিল বিচারাধীন বন্দি মহম্মদ আলিকে! অন্তত এমনটাই মনে করছেন তদন্তকারীরা। এখন মাথা থেঁতলে খুনের অস্ত্রের খোঁজে পুলিশ।

পুলিশ সূত্রের খবর, গত বৃহস্পতিবার সন্ধ্যায় জেলের শৌচাগারের কাছে উদ্ধার হয় মহম্মদ আলির দেহ। তাঁর মাথা থেঁতলানো ছিল। বিকল ছিল শৌচাগারের পাশের সিসিটিভি ফুটেজ। খুনের পিছনে কারা রয়েছে তা জানতে তদন্তে নেমে ৫০ জন বন্দিকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।

ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে, মাথার পাশে ও মুখে কোনও ভোঁতা ভারী বস্তুর আঘাতেই মৃত্যু হয়েছে আলির। তাঁকে একাধিকবার আঘাত করা হয়ে থাকতে পারে বলেও অনুমান। পুলিশ একাধিক জেলকর্মীকেও জেরা করেছে।


পুলিশের প্রাথমিক ধারণা, পুরোনো কোনও বিবাদ থেকেই এই খুনের ঘটনা ঘটেছে। নেশার বস্তু নিয়ে আলির সঙ্গে কোনও বন্দির গোলমাল হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

তদন্তকারীদের অনুমান, বৃহস্পতিবার বিকেল চারটের পর জেলের দক্ষিণ দিকের শৌচালয়ের কাছে মহম্মদ আলিকে ডেকে নিয়ে যাওয়া হয়। সেখানে বচসার পর ভারী কোনও বস্তু দিয়ে তাঁর মাথায় আঘাত করা হয়। এরপরেই খুনের অস্ত্র সরিয়ে ফেলা হয়।

পুলিশের অনুমান, খুনের পর অস্ত্রটি জেলের ভিতরেই কোথাও লুকিয়ে রাখা হয়েছে। কড়া নিরাপত্তার কারণে সেটি জেলের বাইরে নিয়ে যাওয়া সম্ভব নয়। তাই জেলের বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে।

আরও পড়ুন: ভোটার তালিকা থেকে নাম বাদ, আবাসের ৬০ হাজার টাকা ফেরতের নোটিশে দিশেহারা বাসিন্দারা

সূত্রের খবর, জেলের শৌচালয়ের পাশের সিসিটিভি ক্যামেরাটি বিকল ছিল। পরিকল্পনা করে ক্যামেরাটি বন্ধ করে রাখা হয়েছিল কি না, তা জানার চেষ্টা করছে পুলিশ। অন্য ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারীরা। বন্দিদের বয়ানের সঙ্গে সিসিটিভি ফুটেজ মিলিয়ে দেখা হচ্ছে।