দুর্গাপুজো কাটলেই কলকাতা পুরসভার নির্বাচন হবে বলে জানা গিয়েছে। তবে কোনও তারিখ এখনও ঘোষণা করা হয়নি। এই আবহে হঠাৎ বিজেপির রাজ্য সদর দপ্তরে হাজির হলেন কলকাতার প্রাক্তন মেয়র পারিষদ তারক সিং। গোটা পরিবার নিয়ে সেখানে হাজির হয়েছেন তিনি। আর তখন থেকে গুঞ্জন শুরু হয়ে যায় ফুলবদল করতে চলেছেন তারক সিং। তারক সিংয়ের সঙ্গে ছেলে অমিত সিং এবং মেয়ে কৃষ্ণা সিং পৌঁছে যান বিজেপির কার্যালয়ে। তৃণমূল কংগ্রেস বিধানসভা নির্বাচনে হেরে যাওয়ার পরে যোগ দিয়েছিলেন ঋতব্রত শিবিরে। এবার বিজেপি দপ্তরে তাঁর হাজিরা ঘিরে নতুন করে গুঞ্জন শুরু হয়েছে।
তবে কি কলকাতা পুরসভা নির্বাচনের আগে আবার ফুলবদল? উঠে যায় প্রশ্ন। সদর দপ্তর থেকে বেরিয়ে অবশ্য সমস্ত গুঞ্জনে জল ঢেলে দিলেন তারক সিং নিজেই। রবিবার দুপুরে সপরিবারে শাসকদলের পার্টি অফিসে যাওয়াটাই বড় খবর হয়ে দাঁড়ায়। তবে বিজেপির পার্টি অফিস থেকে বেরিয়ে তারক সিং জানান, পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার মতো অভিযোগ নিয়ে তিনি দেখা করেছেন বিজেপি নেতাদের সঙ্গে। তাতে সুরাহা হল কি? উত্তর মেলেনি। তবে তারক সিংয়ের বিজেপিতে যোগদানের সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কদিন আগে কালীঘাট তৃণমূল ছেড়ে ঋত শিবিরে যোগ দিয়েছিলেন। নিউটাউনের একটি হোটেলে প্রাক্তন কাউন্সিলরদের নিয়ে ঋত শিবিরের বৈঠকেও ঘর আলো করে বসেছিলেন। এখন কি মোহভঙ্গ হয়েছে? উঠছে প্রশ্ন।
জঞ্জাল বিভাগের মেয়র পারিষদ তারক সিং নিজের পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। আর ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের ঘনিষ্ঠ হয়ে যান। দুর্গাপুজোর পরই কলকাতা এবং হাওড়া পুরসভার ভোট হবে। তৈরি হবে নতুন বোর্ড। তার আগে এই সরাসরি সংসার নিয়ে বিজেপির পার্টি অফিসে হাজির হওয়া নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। তখন সেখানে উপস্থিত ছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতা সুনীল বনসল, রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এবং জ্যোতির্ময় সিং মাহাতো। তখন পুরসভা নির্বাচন নিয়ে বৈঠকও চলছিল। সুতরাং সেখানে খোশ গল্প করতে গিয়েছিলেন তারক সিং এমন নয়। যদিও সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তারক সিং বলেন, ‘আমার পরিবারের বিরুদ্ধে একাধিক ‘মিথ্যা মামলা’ করা হয়েছে। পুলিশ সহযোগিতা করছে না। সেই বিষয়েই কেন্দ্রীয় নেতৃত্বের কাছে নালিশ জানাতে বিজেপির পার্টি অফিসে এসেছিলাম।’
তাছাড়া এই কারণে বিজেপির পার্টি অফিসে তারক সিংয়ের মতো নেতার আগমন মেনে নেওয়া কঠিন অনেকের কাছে। পুলিশ-প্রশাসনের বিরুদ্ধে লড়াই করে যিনি রাজনীতি করেছেন আজ সেই পুলিশেই তিনি ভয় পাচ্ছেন এটা অজুহাত বলেই মনে করছেন অনেকে। যদিও তারক সিংয়ের সাফাই, ‘বাড়ির সামনে কুকুর চিৎকার করেছে বলে আসিনি। এলাকায় আমার বিরুদ্ধে টাকা তোলার অভিযোগ তুলছেন অনেকে। আমার মেয়ে এবং ছেলের বিরুদ্ধে মিথ্যে মামলা দিচ্ছে। রাজ্য পুলিশের কাছে অভিযোগ জানিয়ে, থানায় বলে কোনওরকম সুরাহা মেলেনি। তাই অভিযোগ জানাতে রাজ্য বিজেপি দপ্তরে এসেছিলাম।’




