৪৫০ কর্মী-সমর্থক নিয়ে সভা, শর্তসাপেক্ষে এসইউসিআইকে অনুমতি হাইকোর্টের

Calcutta High Court Photo-SNS

রাজনৈতিক সভার অনুমতি নিয়ে পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ। শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টের নির্দেশে শর্তসাপেক্ষে সভা করার অনুমতি পেল এসইউসিআই। আগামী ২৯ নভেম্বর দক্ষিণ ২৪ পরগনার বকুলতলা থানার অন্তর্গত দুর্গানগর মোড়ে সভা করতে পারবে দল। তবে ৭৫০ জন নয়, সর্বোচ্চ ৪৫০ জন কর্মী-সমর্থককে নিয়ে সভা করার অনুমতি দিয়েছে বিচারপতি সৌগত ভট্টাচার্যের আদালত।

আদালতে এসইউসিআইয়ের তরফে জানানো হয়, গত ৩ নভেম্বর দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার এবং বকুলতলা থানার ওসি-র কাছে সভার অনুমতি চেয়ে আবেদন জানানো হয়েছিল। কিন্তু অভিযোগ, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও পুলিশ প্রশাসনের তরফে সেই আবেদনের কোনও সদুত্তর মেলেনি। ফলে আদালতের দ্বারস্থ হয় দল।

অন্যদিকে, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র আদালতে জানান, বকুলতলার বাজার এলাকায় ৭৫০ জন কর্মী-সমর্থককে নিয়ে সভার অনুমতি দেওয়া সম্ভব নয়। সংশ্লিষ্ট জায়গাটি অত্যন্ত ছোট। সামনে বাজার থাকায় এত মানুষের জমায়েতে যান চলাচল ব্যাহত হতে পারে, এমনকী ট্রাফিক ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কাও রয়েছে। অন্য কোনও জায়গায় সভা করলে পুলিশ প্রশাসনের তরফে সহযোগিতা করা সম্ভব বলেও জানান তিনি।


দু’পক্ষের বক্তব্য শোনার পর সভার অনুমতি দিলেও একাধিক শর্ত বেঁধে দিয়েছে আদালত। নির্দেশ অনুযায়ী, বিকেল ৩ টে থেকে ৫ টা পর্যন্ত সভা করতে পারবে এসইউসিআই। জমায়েতে সর্বাধিক ৪৫০ জন কর্মী-সমর্থক থাকতে পারবেন। সভা চলাকালীন এলাকায় যান চলাচল স্বাভাবিক রাখতে হবে। বিশেষত, সভাস্থলের সামনে স্থানীয় হাট-বাজার থাকায় ট্রাফিক ব্যবস্থার উপর যাতে কোনও প্রভাব না পড়ে, তা নিশ্চিত করতে হবে।

সেই সঙ্গে সভার জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করতে বকুলতলা পুলিশকে নির্দেশ দিয়েছে আদালত। সভা পরিচালনার দায়িত্বে থাকা পাঁচ জন স্বেচ্ছাসেবকের নাম ও ফোন নম্বর আগামী ২৭ নভেম্বর সন্ধ্যার মধ্যে পুলিশকে জমা দিতে হবে। সভা শান্তিপূর্ণভাবে করতে হবে। কোনও প্ররোচনামূলক বা অপ্রীতিকর মন্তব্য করা যাবে না বলেও স্পষ্ট নির্দেশ আদালতের। সভা শেষ হওয়ার পর অস্থায়ী ছাউনি খুলে ফেলতে হবে।

আরও পড়ুন: নভেম্বরের শেষে জাঁকিয়ে শীত শহরে, উত্তর-দক্ষিণে কমছে তাপমাত্রা!

রাজনৈতিক কর্মসূচির অধিকার বজায় রেখেই স্থানীয় বাসিন্দাদের অসুবিধা, বাজারের স্বাভাবিক কাজকর্ম এবং যান চলাচলের বিষয়টিকে গুরুত্ব দিয়ে একাধিক শর্তে সভার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট।