পুজোর মুখে সুখবর, ব্যারাকপুরে থামবে মা তারা এক্সপ্রেস, সময়সূচি জানেন?

Photo: Indian Rail

শিয়ালদহ থেকে রামপুরহাট যাওয়ার জন্য বেশিরভাগ যাত্রীই মা তারা এক্সপ্রেসের উপর ভরসা করে থাকেন। কিন্তু ব্যারাকপুর ও আশেপাশের এলাকার যাত্রীদের এই ট্রেন ধরতে গেলে শিয়ালদহ কিংবা নৈহাটি স্টেশনের উপরে নির্ভর করতে হয়। এবার এই সমস্যার সমাধান হতে চলেছে। এবার থেকে ব্যারাকপুর স্টেশনে স্টপেজ পাবে এই ট্রেন। সেক্ষেত্রে পুজোর আগেই ব্যারাকপুরবাসীকে বড় উপহার দিতে চলেছে পূর্ব রেল কর্তৃপক্ষ।

পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, আগামী ২৩ সেপ্টেম্বর বুধবার থেকে পরীক্ষামূলক ভাবে ব্যরাকপুর স্টেশনে আপ ও ডাউন মা তারা এক্সপ্রেস দাঁড়াবে। এই ট্রেনটি সকাল ৭টা ২০ মিনিটে শিয়ালদহ থেকে ছেড়ে সকাল ১১টা ৫৫ মিনিটে রামপুরহাট স্টেশনে ঢোকে। যাত্রাপথে নৈহাটি, ব্যান্ডেল, বর্ধমান, গুসকরা, বোলপুর-শান্তিনিকেতন, প্রান্তিক, সাঁইথিয়া, তারাপীঠ রোডে এই ট্রেন স্টপেজ দেয়। এরপর দুপুর ২টো ১০ মিনিটে রামপুরহাট থেকে ছাড়ে মা তারা এক্সপ্রেস। শিয়ালদহে ঢোকে সন্ধে ৬টা ৪৫ মিনিটে।

এবার থেকে ব্যারাকপুরে শিয়ালদহ-রামপুরহাট মা তারা এক্সপ্রেস কখন আসবে রেল সূত্রের খবর, ১৩১৮৭ শিয়ালদহ-রামপুরহাট মা তারা এক্সপ্রেস প্রতিদিন সকাল ৭টা ৪১ মিনিটে ব্যারাকপুর স্টেশনে এসে পৌঁছবে। সেই স্টেশনে ট্রেনটি এক মিনিটের মতো দাঁড়াবে। তারপর সকাল ৭টা ৪২ মিনিটে সেই স্টেশন ছেড়ে চলে যাবে। এদিকে, ১৩১৮৮ রামপুরহাট-শিয়ালদহ মা তারা এক্সপ্রেস বিকেল ৫টা ৫৩ মিনিটে ব্যারাকপুর পৌঁছবে। সেখানেও এক মিনিট দাঁড়িয়ে ৫টা ৫৪ মিনিটে শিয়ালদহে রওনা হবে।


আরও পড়ুন: মধ্যরাতে তুলে নিয়ে ১৬ ঘণ্টা আটক! তৃণমূল কর্মীর অভিযোগে চাপে পুলিশ, রিপোর্ট জমা রাজ্যের

ব্যারাকপুরের বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচী রেলের এই সিদ্ধান্তে খুশি হয়েছেন। তিনি জানান, মা তারা এক্সপ্রেস যাতে ব্যারাকপুরে স্টপেজ পায়, সে জন্য দীর্ঘদিন ধরেই দাবি জানানো হচ্ছিল। শেষ পর্যন্ত সেই দাবি পূরণ হয়েছে। এর জন্য তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রেল কর্তৃপক্ষকে শুভেচ্ছা জানিয়েছেন। একদিনের মধ্যে তারাপীঠে পুজো দিয়ে ফিরে আসার জন্য এই ট্রেনের উপরে অনেকেই ভরসা করে থাকেন। এছাড়া বোলপুর-শান্তিনিকেতনে যাওয়ার জন্যও অনেকে এই ট্রেন ধরেন। সেক্ষেত্রে ব্যারাকপুর স্টেশনে এই ট্রেন দাঁড়ালে যাত্রীদের যে অনেকটাই সুবিধা হবে তা আর বলার অপেক্ষা রাখে না।