রাজ্যে পালাবদলের পর বিজেপি সরকারের এই প্রথম দুর্গাপুজো। তাই এবারের দুর্গাপুজোর দিকে নজর ছিল বঙ্গবাসীর। সোমবার সেই সব জল্পনার অবসান ঘটালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দুর্গাপুজোর সময়ে একদিন বন্ধ থাকবে মদের দোকান। এমনকী রেড রোডে হওয়া কার্নিভ্যালও এবার থেকে আর হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী।
সোমবার মিলন মেলা প্রাঙ্গণে পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই দুর্গাপুজো নিয়ে একগুচ্ছ ঘোষণা করেন শুভেন্দু অধিকারী। মহাষ্টমীর দিন রাজ্যে সমস্ত মদের দোকান বন্ধ থাকবে বলে ঘোষণা করা হয়েছে। তবে শুধু মদের দোকান নয়, বার বা পানশালাতেও মহাষ্টমীর দিন মদ বিক্রি নিষিদ্ধ করা হয়েছে।
এ দিন শুভেন্দু অধিকারী বলেন, ‘মহাষ্টমীর দিন যেদিন আমরা পুষ্পাঞ্জলি দিই, সেদিন রাজ্যে সব রকমের মদের দোকান বন্ধ থাকবে।’ এমনকী বারেও মদ বিক্রি করা যাবে না। অন্যদিকে, তৎকালীন সরকারের আমলে বড় করে রেড রোডে কার্নিভ্যালের আয়োজন করা হত। বিভিন্ন নাম করা পুজো কমিটিগুলির প্রতিমা রেড রোডে সেই কার্নিভ্যালে আনা হত। সেই অনুষ্ঠানে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৎকালীন মন্ত্রীরা উপস্থিত খাকতেন। এমনকী বিশিষ্টরাও সেখানে উপস্থিত থাকতেন।
শুধু তাই নয়, তৃণমূল সরকারের আমলে রেড রোডের পাশাপাশি জেলায় জেলায় কার্নিভ্যালের আয়োজন করা হত। কিন্তু বর্তমানে বিজেপি সরকারের আমলে চলতি বছর থেকে তা আর হবে না। এমনকী জেলাতেও কার্নিভ্যাল হবে না। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন নির্দিষ্ট নিয়মকানুন মেনে এবারে দুর্গাপুজো হবে। এসবের পাশাপাশি দুর্গাপুজোর সময়ে রাজ্যের বিভিন্ন জায়গায় ডিজে বাজানোর ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এমনকী বিসর্জনেও ডিজে বাজানো যাবে না।
আরও পড়ুন: বউবাজারের পনির পট্টিতে কলকাতা পুরসভার অভিযান, নষ্ট করা হল খোয়া ক্ষীর ও ছানার কেক
এসব নির্দেশের পাশাপাশি জাতীয় সড়ক আটকে পুজো করা যাবে না বলেও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই সঙ্গে দুর্গাপুজোকে ঘিরে যান চলাচল ও মানুষের নিরাপত্তার বিষয়েও একাধিক নির্দেশ দিয়েছেন শুভেন্দু অধিকারী।




