পুলিশে চাকরি করেও অনেকে ডিউটিতে ফাঁকি দেন বলে অভিযোগ। শুধু তাই নয়, অফিসে এসে সই করার পর অনেক পুলিশকর্মীকে আর পাওয়া যায় না বলে নানা সময় অভিযোগ উঠেছে। তার জেরে অন্য পুলিশকর্মীদের উপর কাজের চাপ বেড়ে যায়। ফলে একটা ক্ষোভ তৈরি হয়। ডিউটিতে এসে তাঁরা কোথায় চলে যান? কেন তাঁদের সঠিক সময়ে দপ্তরে বা পথে পাওয়া যায় না? উঠছে প্রশ্ন। এই পরিস্থিতি রুখতে এবার ‘ডিউটি মিত্র অ্যাপ’ চালু করল লালবাজার। আর তাতেই এবার ফাঁকি ধরা পড়বে বলে মনে করছেন পুলিশ অফিসাররা।
কাগজে-কলমে হাজিরা থাকেন অনেকে। কিন্তু বাস্তবে কর্তব্যরত অবস্থায় তাঁদের দেখা যায় না। এবার এই অ্যাপের মাধ্যমে গোটা বিষয়টি ধরা পড়ে যাবে বলে মনে করা হচ্ছে। এরপরও যদি কোনও পুলিশকর্মী কাজে ফাঁকি দেন তাহলে বমাল ধরা পড়বেন। আর ধরা পড়লে রক্ষে নেই। আইনশৃঙ্খলা রক্ষার ডিউটিতে থাকা পুলিশকর্মীদের উপস্থিতি এবং গতিবিধির উপর সরাসরি এবার থেকে নজর রাখা যাবে। তাই চালু করা হল ‘ডিউটি মিত্র’ অ্যাপ। এই অ্যাপের ট্রায়াল রান এখন চলছে। এই ট্রায়াল রানে যদি সন্তোষজনক রিপোর্ট আসে তাহলে দুর্গাপুজোর আগেই ‘ডিউটি মিত্র’ অ্যাপটি স্থায়ীভাবে চালু করা হবে। আর যদি রিপোর্ট সন্তোষজনক না আসে তাহলে অ্যাপকে আপডেট করে কার্যকর করা হবে।
শহরে রাজনৈতিক মিছিল, মিটিং থেকে শুরু করে নানা ধর্মীয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠান-সহ একাধিক কর্মসূচিতে আইনশৃঙ্খলা রক্ষার জন্য প্রত্যেক ডিভিশন থেকে ডিউটিতে পাঠানো পুলিশকর্মীদের তালিকা লালবাজারে পাঠানো হয়। ওই তালিকার উপর নির্ভর করেই নানা জায়গায় পুলিশবাহিনী মোতায়েন করা হয়। কিন্তু অনেক সময়ই অভিযোগ আসে, নির্দিষ্ট সময়ে ডিউটিতে পৌঁছন না পুলিশকর্মীরা। কেউ আবার ডিউটি শুরু করার পরেও অনুপস্থিত থাকেন। অথচ খাতায়-কলমে তাঁদের হাজিরা দেখানো থাকে। এই ফাঁকিবাজি আর মেনে নেওয়া হবে না। এই ফাঁকির জেরে দায়িত্বপ্রাপ্ত অফিসারদের প্রশ্নের মুখে পড়তে হয়।
তাছাড়া ফাঁকি দেওয়ার পর ধরা পড়লেও নানা অজুহাত খাঁড়া করেন পুলিশকর্মীরা বলে অভিযোগ। এই কারণে গোটা ব্যবস্থাকে ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হয়েছে। তাই চালু করা হয়েছে ‘ডিউটি মিত্র’ অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে আইনশৃঙ্খলার ডিউটিতে মোতায়েন থাকা পুলিশকর্মী ও অফিসারদের তালিকা থাকবে। সংশ্লিষ্ট থানার ওসিরাও এই অ্যাপের মাধ্যমে তাঁদের অধীনস্থ কর্মীদের ডিউটির বিষয়ে জানাতে পারবেন। নির্দিষ্ট ডিউটির জায়গায় পৌঁছনোর পর সংশ্লিষ্ট পুলিশকর্মীকে অ্যাপের মাধ্যমে লাইভ ছবি আপলোড করতে হবে। ছবির সঙ্গে থাকবে সময় এবং লোকেশন। তার ফলে কোন পুলিশকর্মী অথবা অফিসার, কখন ডিউটির জায়গায় পৌঁছচ্ছেন সেটার ডিজিটাল রেকর্ড থেকে যাবে। সুতরাং ফাঁকিবাজি বন্ধ হয়ে যাবে।




