• facebook
  • twitter
  • youtube
Wednesday, 23 September, 2026

ডিজিটাল অ্যারেস্ট’ কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের

২.৬৬ কোটির ‘ডিজিটাল অ্যারেস্ট’ কাণ্ডে নজিরবিহীন নির্দেশ।নরেন্দ্রপুরের ডিজিটাল অ্যারেস্ট মামলায় CBI- তদন্তের নির্দেশ।

ডিজিটাল অ্যারেস্ট’ কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের

প্রতীকী চিত্র

২.৬৬ কোটি টাকার ‘ডিজিটাল অ্যারেস্ট’ প্রতারণা মামলায় বড় নির্দেশ কলকাতা হাই কোর্টের। নরেন্দ্রপুর থানায় দায়ের হওয়া মামলাটি এ বার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে তুলে দেওয়ার নির্দেশ দিল আদালত। আগামী সাত দিনের মধ্যে মামলার যাবতীয় নথি, কেস ডায়েরি-সহ প্রাসঙ্গিক তথ্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে হস্তান্তর করতে হবে রাজ্য পুলিশকে।

বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে জয়শ্রী রামকৃষ্ণন এবং আরও এক আবেদনকারীর দায়ের করা মামলার শুনানি হয়। মামলাকারীদের অভিযোগ, ‘ডিজিটাল অ্যারেস্ট’-এর ফাঁদে ফেলে তাঁদের কাছ থেকে প্রায় ২ কোটি ৬৬ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে।

মামলাকারীদের আইনজীবীরা আদালতে জানান, ‘ডিজিটাল অ্যারেস্ট’ সংক্রান্ত প্রতারণার মামলার তদন্ত নিয়ে সুপ্রিম কোর্টের নির্দিষ্ট নির্দেশ রয়েছে। সেই নির্দেশের কথা বিবেচনা করেই নরেন্দ্রপুর থানায় দায়ের হওয়া মামলাটি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে তুলে দেওয়ার আর্জি জানানো হয়।

বিষয়টি বিবেচনা করে মামলার তদন্তভার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে তুলে দেওয়ার নির্দেশ দেয় হাই কোর্ট। আদালতের নির্দেশ, নরেন্দ্রপুর থানার পুলিশকে আগামী সাত দিনের মধ্যে মামলার কেস ডায়েরি, যাবতীয় নথি এবং তদন্ত সংক্রান্ত সমস্ত প্রাসঙ্গিক তথ্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে তুলে দিতে হবে।

নির্দেশ কার্যকর করার জন্য নরেন্দ্রপুর থানার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ করার কথাও জানিয়েছে আদালত। নথি হস্তান্তরের পর আইন অনুযায়ী পরবর্তী তদন্ত ও প্রয়োজনীয় পদক্ষেপ করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

এই নির্দেশের পরই মামলাটির নিষ্পত্তি করে কলকাতা হাই কোর্ট।