• facebook
  • twitter
Tuesday, 26 May, 2026

আরজি কর কাণ্ডে অভিযুক্ত সন্দীপ ঘোষের বাড়িতে বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ কেএমসির

পুর প্রশাসনের ব্যাখ্যা অনুযায়ী, ‘পারগোলা’ হল ছাদের উপর তৈরি খোলা ধরনের একটি কাঠামো, যা সাধারণত বসার জায়গা বা সৌন্দর্য বৃদ্ধির জন্য তৈরি করা হয়।

সন্দীপ ঘোষ

আরজি কর কাণ্ডে অভিযুক্ত চিকিৎসক সন্দীপ ঘোষের বাড়িতে বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙার নির্দেশ দিল কলকাতা পুরসভা। কলকাতা পুরসভার বিল্ডিং দপ্তর ৮৩, বদন রায় লেনের ওই বাড়িতে নির্মিত একটি কাঠামো ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে। এই সংক্রান্ত শুনানি হয় কলকাতা পুরসভার বিশেষ আধিকারিক (বিল্ডিং) এস বোরালের এজলাসে।

পুরসভা সূত্রে জানা গিয়েছে, সংশ্লিষ্ট বাড়িতে অনুমোদিত নকশার বাইরে একাধিক নির্মাণকাজ করা হয়েছিল বলে অভিযোগ ওঠে। তদন্তে দেখা যায়, বাড়ির ছাদে নতুন করে একটি পারগোলা তৈরি করা হয়েছে। পাশাপাশি লিফটের যন্ত্রঘরে ওঠার জন্য একটি লোহার ঘূর্ণায়মান সিঁড়িও বসানো হয়েছে। এছাড়া দ্বিতীয় তলায় একটি দরজার জায়গায় ইটের দেওয়াল তৈরি করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে।

Advertisement

পুর প্রশাসনের ব্যাখ্যা অনুযায়ী, ‘পারগোলা’ হল ছাদের উপর তৈরি খোলা ধরনের একটি কাঠামো, যা সাধারণত বসার জায়গা বা সৌন্দর্য বৃদ্ধির জন্য তৈরি করা হয়। এটি সাধারণত লোহা, কাঠ বা অনুরূপ উপাদান দিয়ে বানানো হয়।

Advertisement

শুনানির সময় বাড়ির প্রতিনিধিরা জানান, ওই পারগোলাটি অনুমোদিত বিল্ডিং প্ল্যানের অংশ ছিল না। তাঁরা পুরসভাকে জানিয়েছেন, সংস্কারের কাজের সময় সেটি সরিয়ে ফেলা হবে।

তবে সমস্ত দিক খতিয়ে দেখার পর কলকাতা পুরসভা নির্দেশ দিয়েছে, ছাদের ওই পারগোলা ৪৫ দিনের মধ্যে ভেঙে ফেলতে হবে। পুরসভার বিশেষ আধিকারিক তাঁর নির্দেশে জানিয়েছেন, এই আদেশ কার্যকর করার জন্য নির্দিষ্ট সময়সীমার মধ্যে পদক্ষেপ নিতে হবে।

নথি অনুযায়ী, এই মামলায় অভিযোগকারী হিসেবে অংশুমান সরকার নামে এক ব্যক্তির নাম রয়েছে। পুরসভা দাবি করেছে, নির্মাণ বিধি ২০০৯-এর ১৩৩ এবং ১৩৪ নম্বর বিধি লঙ্ঘন করা হয়েছে। ওই বিধিগুলি মূলত কাঠামোগত নকশা এবং নির্মাণসামগ্রীর মান সংক্রান্ত।

পুরসভার নির্দেশে আরও জানানো হয়েছে, কেউ এই আদেশে অসন্তুষ্ট হলে কলকাতা পুরসভা আইনের আওতায় নির্দিষ্ট সময়ের মধ্যে মিউনিসিপ্যাল বিল্ডিং ট্রাইবুনালে আবেদন করতে পারবেন।

আরজি কর কাণ্ডে নাম জড়ানোর পর থেকেই সন্দীপ ঘোষকে ঘিরে একাধিক বিতর্ক সামনে এসেছে। এবার তাঁর বাড়িতে বেআইনি নির্মাণের অভিযোগ এবং ভাঙার নির্দেশ ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক এবং প্রশাসনিক মহলে।

Advertisement