• facebook
  • twitter
  • youtube
Thursday, 17 September, 2026

দুর্গাপুজোর আগেই রোজভ্যালির টাকা ফেরত!

বছরের পর বছর অপেক্ষা। কবে ফিরবে জমানো টাকা? সেই দুশ্চিন্তার মধ্যেই রোজভ্যালি আমানতকারীদের জন্য এল স্বস্তির খবর।

দুর্গাপুজোর আগেই রোজভ্যালির টাকা ফেরত!

Photo: File photo

বছরের পর বছর অপেক্ষা। কবে ফিরবে জমানো টাকা? সেই দুশ্চিন্তার মধ্যেই রোজভ্যালি আমানতকারীদের জন্য এল স্বস্তির খবর। পুজোর আগেই ৫০০ কোটি টাকা ফেরতের প্রক্রিয়া শুরু করার আশ্বাস দিল কলকাতা হাইকোর্টের এডিসি কমিটি। পাশাপাশি, আগামী ছ’মাসের মধ্যে রোজভ্যালির সমস্ত আমানতকারীর প্রাপ্য অর্থ ফেরতের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছে আদালত।

আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সওয়ালের প্রেক্ষিতেই আদালতে ৫০০ কোটি টাকা ফেরতের প্রক্রিয়া শুরু করার আশ্বাস দেওয়া হয়। ফলে উৎসবের মরসুমের আগেই বহু আমানতকারীর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে পারে বলে আশা করা হচ্ছে।

তবে শুধু ৫০০ কোটি টাকা ফেরত দেওয়াতেই সন্তুষ্ট নয় আদালত। রোজভ্যালির সম্পত্তি দ্রুত বিক্রি করে সেই অর্থ আমানতকারীদের মধ্যে বণ্টনের নির্দেশ দিয়েছে বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ। আদালতের স্পষ্ট বার্তা, নির্দিষ্ট একটি অংশের টাকা ফেরত দিয়ে প্রক্রিয়া থামিয়ে রাখা যাবে না। সমস্ত আমানতকারীর প্রাপ্য অর্থ ফেরত দেওয়ার ব্যবস্থা করতে হবে।

আদালত জানিয়েছে, আগামী ছ’মাসের মধ্যে রোজভ্যালির সম্পত্তি বিক্রি করে আমানতকারীদের পাওনা মেটানোর প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। দীর্ঘদিন ধরে বহু পরিবার ও মানুষের সঞ্চয় আটকে রয়েছে রোজভ্যালি সংস্থার কাছে। ফলে আদালতের এই নির্দেশকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন আমানতকারীরা।

একদিকে পুজোর আগেই ৫০০ কোটি টাকা ফেরতের প্রক্রিয়া শুরুর আশ্বাস, অন্যদিকে ছ’মাসের মধ্যে সমস্ত আমানতকারীর টাকা ফেরতের নির্দেশ—দুই পদক্ষেপেই রোজভ্যালি মামলায় নতুন করে আশার আলো দেখছেন আমানতকারীরা। বছরের পর বছর ধরে আটকে থাকা সঞ্চয়ের টাকা এবার সত্যিই ফেরত আসবে কি না, তা অবশ্য নির্ভর করছে সম্পত্তি বিক্রি ও অর্থ বণ্টনের পরবর্তী প্রক্রিয়ার উপর। তবে আদালতের এ দিনের নির্দেশে সেই পথ অনেকটাই স্পষ্ট হল।