কলকাতা হাইকোর্টে তৃণমূল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ‘ফ্রিজ’ সংক্রান্ত মামলার শুনানিতে স্পেশাল অফিসার নিয়োগের প্রস্তাবকে ঘিরে নয়া মোড় । বিচারপতি সৌগত ভট্টাচার্য অবসরপ্রাপ্ত বিচারপতি সুব্রত তালুকদারকে স্পেশাল অফিসার হিসেবে নিয়োগের কথা বিবেচনা করছেন। তবে তাঁর পুত্র ওই মামলায় তৃণমূলের পক্ষে আইনজীবী হিসেবে উপস্থিত থাকায় এ বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের কোনও আপত্তি রয়েছে কি না, তা জানতে চেয়েছে আদালত।
বুধবার বিচারপতি সৌগত ভট্টাচার্য শুনানিতে বলেন, আগের দিন স্পেশাল অফিসার নিয়োগের বিষয়টি আলোচনায় এসেছিল। প্রস্তাবিত ব্যক্তির পারিবারিক সংযোগের বিষয়টি বিবেচনায় রেখে আদালত চায়, সব পক্ষ তাদের মতামত জানাক। তৃণমূলের পক্ষে উপস্থিত আইনজীবী কিশোর দত্ত এ বিষয়ে তাৎক্ষণিক কোনও মন্তব্য না করে জানান, এ বিষয়ে প্রবীণ আইনজীবী আইনজীবী অভিষেক মনু সিংভি সিধান্ত নেবেন।পাশাপাশি বিচারপতি জানিয়েছেন, বৃহস্পতিবার সব পক্ষের বক্তব্য শোনার পর স্পেশাল অফিসার নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এ দিন কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা শুনানি স্থগিত রাখার আবেদন জানান। আদালত সেই আবেদন মঞ্জুর করে। পাশাপাশি, অতিরিক্ত কয়েকটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ‘ফ্রিজ’ করার প্রসঙ্গে অতিরিক্ত হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেন বিচারপতি সৌগত ভট্টাচার্য ।
উল্লেখ্য, দলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ‘ফ্রিজ’ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে কালীঘাটপন্থী তৃণমূল আদালতের দ্বারস্থ হয়েছে। এর আগে দক্ষিণ ২৪ পরগনার এক বিধায়কের সাইবার প্রতারণা সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে। তদন্তের স্বার্থে তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা তোলা নিয়ে সাময়িক নিষেধাজ্ঞা জারি করে। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেই হাইকোর্টে মামলা দায়ের করে কালীঘাট তৃণমূল।




