রাজ্যে পালাবদলের পরেই তৎকালীন সরকারের একের পর এক দুর্নীতির চিত্র সামনে এসেছে। সেই সময়ে বালি, পাথর ও কয়লা পাচারের অভিযোগে রাজ্যে যেমন অনেক তৃণমূল নেতার পর্দা ফাঁস হয়েছে। ঠিক সেই সঙ্গে এই সব পাচার বাবদ রাজ্যের রাজস্ব আদায়ে অভূতপূর্ব বৃদ্ধিও লক্ষ্য করা গিয়েছে।
চলতি বছরে এপ্রিল থেকে আগস্ট মাস পর্যন্ত মাত্র চার মাসে বালি, পাথর ও কয়লা বাবদ রাজ্যের রাজস্ব আদায়ে অনেক বৃদ্ধি হয়েছে। জানা গিয়েছে, গত বছর ২০২৫ সালে একই সময়ের তুলনায় এই খাতে রাজস্ব প্রায় ৩৩ শতাংশ বেড়ে গিয়েছে। এর ফলে রাজ্যের কোষাগারে অতিরিক্ত ১৩৯ কোটি ৬২ লক্ষ টাকা এসেছে।
নবান্ন সূত্রে জানা গিয়েছে, ২০২৫ সালের এপ্রিল থেকে আগস্ট মাস পর্যন্ত বালি, কয়লা ও পাথর এই তিন খাতে মোট ৪২৮ কোটি ২০ লক্ষ টাকা রাজস্ব আদায় হয়েছিল। এদিকে চলতি বছর এপ্রিল থেকে আগস্ট মাস পর্যন্ত তা বেড়ে হয়েছে ৫৬৭ কোটি ৮২ লক্ষ টাকা।
আরও পড়ুন: বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তায় ‘গাফিলতি’ বরদাস্ত নয়! কড়া বার্তা হাইকোর্টের
রাজস্ব আদায়ের দিক থেকে কোন জেলা কোথায় রয়েছে জানেন? রাজস্ব আদায়ে একেবারে উপরে রয়েছে বীরভূম জেলা। সেখান থেকে ২৩৫ কোটি টাকা সংগ্রহ হয়েছে। এরপরে রয়েছে ঝাড়গ্রাম। সেখান থেকে ৭০ কোটি ৩৫ লক্ষ টাকা সংগ্রহ হয়েছে। এছাড়া পূর্ব বর্ধমানে ৫৬ কোটি ১২ লক্ষ টাকা, পশ্চিম বর্ধমানে ৫৯ কোটি টাকা এবং বাঁকুড়ায় ৫৩ কোটি ৬ লক্ষ টাকা রাজস্ব আদায় হয়েছে।




