পুজোর আগেই জট কাটল বাগবাজারের, কমিটি গঠনে নিম্ন আদালতের রায় বহাল হাইকোর্টের

Photo: পুজো কমিটি গঠনে নিম্ন আদালতের রায় বহাল হাইকোর্টের (AI)

পুজোর আগে অবশেষে কাটল দীর্ঘ টানাপোড়েন। বাগবাজার পুজো কমিটি ও ক্লাব পরিচালনার কমিটি গঠন নিয়ে তৈরি হওয়া জটের অবসান ঘটাল কলকাতা হাইকোর্ট। নিম্ন আদালতের নির্দেশ বহাল রেখে বিচারপতি হিরন্ময় ভট্টাচার্য জানিয়ে দিলেন, যে পদ্ধতিতে কমিটি গঠন করা হয়েছে, তা সঠিক। ফলে আবেদনকারী ক্লাব সদস্য রবিশঙ্কর সেনগুপ্তের আবেদন খারিজ হয়ে গেল।

বাগবাজারের ঐতিহ্যবাহী পুজোকে ঘিরে কমিটি গঠন নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছিল টানাপোড়েন। পুজো কমিটি এবং ক্লাব পরিচালনার জন্য ১৪ সদস্যের ম্যানেজিং কমিটি গঠনের প্রয়োজন ছিল। ভোটাভুটির পর ১২ জন ম্যানেজিং কমিটির সদস্যের ক্ষেত্রে চারজনের মধ্যে ভোটে সমতা তৈরি হয়। একইভাবে সম্পাদক পদেও দুই প্রার্থীর ভোটসংখ্যা সমান হয়ে যায়। আর সেই ‘টাই’ থেকেই শুরু হয় আইনি জটিলতা।

বিষয়টি গড়ায় নিম্ন আদালতে। সেখানে নির্দেশ দেওয়া হয়, কাস্টিং ভোটের মাধ্যমে কমিটি গঠন করতে হবে এবং নির্দিষ্ট সময়সীমার মধ্যে। ১০ সেপ্টেম্বরের মধ্যে সেই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। কিন্তু সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন ক্লাব সদস্য রবিশঙ্কর সেনগুপ্ত। তাঁর দাবি ছিল, নিম্ন আদালতের নির্দেশ মেনে যে কাস্টিং ভোটের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, তা সঠিক পদ্ধতিতে হয়নি। তাই সেই প্রক্রিয়া বাতিল করার আবেদন জানান তিনি।


আরও পড়ুন: তোলাবাজি ও হুমকির অভিযোগে আপাতত স্বস্তি কীর্তি আজাদের, তদন্তে সহযোগিতার নির্দেশ হাইকোর্টের

শেষ পর্যন্ত সেই দাবি মানল না হাইকোর্ট। বিচারপতি হিরন্ময় ভট্টাচার্য স্পষ্ট করে দেন, কমিটি গঠনের জন্য যে পদ্ধতি অনুসরণ করা হয়েছে, তা যথাযথ। ফলে নিম্ন আদালতের রায়ই বহাল রইল। আদালতের এই নির্দেশের পর বাগবাজারের পুজো কমিটি গঠন নিয়ে অনিশ্চয়তার অবসান হল। পুজোর আবহে দীর্ঘ আইনি টানাপোড়েনের পর স্বস্তি ফিরল ক্লাব ও পুজো পরিচালনার ক্ষেত্রে।