ব্যবসায়ীকে অপহরণ করে মারধর! মুক্তিপণ চেয়ে ফোন বাড়িতে। ২০ লক্ষ টাকা মুক্তিপণের দাবি। খবর পেয়ে শনিবার গভীর রাতে অপহৃত ব্যক্তিকে উদ্ধার করল পোস্তা থানার পুলিশ। ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অপহৃত ব্যক্তির নাম দিলীপ জৈন। তিনি পোস্তা থানা এলাকার বাসিন্দা। রাজস্থানের আদি বাসিন্দা দিলীপ পরিবার নিয়ে এখন কলকাতাতেই থাকেন। পরিবার পোস্তা থানায় অভিযোগ করেন দিলীপকে অপহরণ করা হয়েছে। মুক্তিপণ চেয়ে ফোন আসছে। অভিযোগ পেয়েই তদন্তে নামে পুলিশ।
ফোনের সূত্র ও অন্যান্য তথ্য ধরে তদন্তের পর পুলিশ জানতে পারে দিলীপকে হরিরাম গোয়েঙ্কা স্ট্রিটে আটক করে রাখা হয়েছে। তারপর বাড়িতে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে তাঁকে উদ্ধার করা হয়। রোহন ও রাজেশ নামে দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এরপরই পুলিশের হাতে আরেক তথ্য উঠে আসে।
ধৃত দুই ব্যক্তি দাবি করেন, তাঁরা এই দিলীপের মাধ্যমে এক ব্যক্তিকে ২০ লক্ষ টাকা ধার দিয়েছিলেন। কাটমানি নিয়েছিলেন দিলীপ। সেই তৃতীয় ব্যক্তি টাকা ফেরত দিচ্ছিলেন না। দিলীপের কাছে টাকা ফেরত চান অভিযুক্তরা। দায় এড়িয়ে যাচ্ছিলেন তিনি। এরপর দিলীপকে অপহরণ করা হয়। অভিযুক্তদের হেফাজতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পোস্তা থানার পুলিশ।




