• facebook
  • twitter
  • youtube
Thursday, 27 August, 2026

গড়ফার হোটেলে নাবালিকাকে আটকে দেহ ব্যবসায় নামানোর ছক, হাতেনাতে গ্রেপ্তার ৪

কলকাতার বুকে নাবালিকাকে দিয়ে যৌন ব্যবসা চালানোর চক্রের পর্দাফাঁস। দক্ষিণ কলকাতার গড়ফার একটি হোটেলে নাবালিকাকে আটকে

গড়ফার হোটেলে নাবালিকাকে আটকে দেহ ব্যবসায় নামানোর ছক, হাতেনাতে গ্রেপ্তার ৪

Photo-SNS

কলকাতার বুকে নাবালিকাকে দিয়ে দেহ ব্যবসা চালানোর চক্রের পর্দাফাঁস। দক্ষিণ কলকাতার গড়ফার একটি হোটেলে নাবালিকাকে আটকে রেখে দেহ ব্যবসায় নামানোর পরিকল্পনার অভিযোগ উঠেছে। ঘটনার তদন্তে নেমে চারজনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। ধৃতদের বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের করা হয়েছে। ধৃতদের নাম আশিস ভরদ্বাজ, শেখ সাহাবুদ্দিন, মুজ্জাফর হোসেন ও স্বরূপ দাস।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই নাবালিকা একটি পানশালায় গান গাইতো। সেই সূত্রেই হোটেলের কর্মীদের নজরে আসে সে। গড়ফার ওই হোটেলে গান গাইলে মোটা টাকা পাওয়া যাবে, এই টোপ দিয়ে তাকে হোটেলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। এরপর একটি ঘরে তাকে আটকে রাখা হয়। কয়েকদিন ধরে নাবালিকাকে সেখানে বন্দি করে রাখা হয়েছিল বলেও অভিযোগ।
তদন্তকারীদের দাবি, নাবালিকাকে দেহ ব্যবসায় নামানোর পরিকল্পনা ছিল অভিযুক্তদের। এমনকি তার জন্য খদ্দের খোঁজাও শুরু হয়েছিল বলে অভিযোগ। তবে তার আগেই গোটা বিষয়টি পুলিশের নজরে আসে।
পুলিশ জানিয়েছে, হোটেলে আটকে থাকা অবস্থায় কোনওভাবে এক পরিচিতকে ফোন করে ঘটনার কথা জানায় নাবালিকা। ওই পরিচিতই পুলিশকে বিষয়টি জানান। খবর পেয়েই গড়ফার হোটেলে অভিযান চালায় কলকাতা পুলিশ। তল্লাশি চালিয়ে নাবালিকাকে উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই চার অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।
এই চক্রের সঙ্গে আর কেউ যুক্ত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে গোটা চক্রের সঙ্গে আর কারা জড়িত, সেই তথ্য জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।