পরীক্ষা দিতে যাওয়ার জন্য ট্রেন ধরতে বিহারের পাটলিপুত্র স্টেশনে পৌঁছেছিলেন অনেক পরীক্ষার্থী। কিন্তু স্টেশনে গিয়েও ট্রেনের দেখা মেলেনি। নির্ধারিত সময়ে ট্রেন না আসায় পাটলিপুত্র স্টেশন রণক্ষেত্রের চেহারা নেয়। পরীক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জের পাশাপাশি কাঁদানে গ্যাস ছোঁড়ে।
বিহার পুলিশে কনস্টেবল নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। রবিবার থেকে সেই পরীক্ষা শুরু হয়েছে। বুধবার পর্যন্ত সেই পরীক্ষা চলবে বলে জানা গিয়েছে। সেই পরীক্ষাকেন্দ্রে পৌঁছনোর জন্য রবিবার শত শত পরীক্ষার্থী এদিন স্টেশনে ভিড় জমান। নির্ধারিত সময়ে ট্রেন না আসায় পরীক্ষার্থীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। অনেকে রেললাইনের উপরে নেমে স্লোগান দিতে শুরু করে। পুলিশকর্মীদের সঙ্গে পরীক্ষার্থীদের ধস্তাধস্তিও হয়।
জানা গিয়েছে, পুলিশকে লক্ষ্য করে পরীক্ষার্থীদের একাংশ পাথর ছুঁড়তে শুরু করেন। বেশ কয়েকটি ট্রেনে ভাঙচুরও চালানো হয়। পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে গেলে পুলিশ লাঠিচার্জ শুরু করে। পুলিশ সেই সময়ে কাঁদানে গ্যাসও ছোঁড়ে। গোটা ঘটনায় বেশ কয়েকজন পুলিশকর্মী গুরুতর জখম হয়েছেন বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে, পরীক্ষার্থীদের দাবি মেনে শেষ পর্যন্ত একটি বিশেষ ট্রেন দেওয়া হয়। পাটনার ডিএম ড.ত্যাগরাজন বলেছেন, ‘এদিন ২০০-২৫০ জন চাকরিপ্রার্থী ঝামেলা করেছেন। আগে থেকেই দু’টি বিশেষ ট্রেন ছিল। কিন্তু তারপরেও কয়েকজন নতুন ট্রেনের দাবিতে বিশৃঙ্খলা সৃষ্টি করেছিলেন। তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরে পরীক্ষার্থীদের জন্য নির্ধারিত বিশেষ ট্রেনগুলি গন্তব্যের উদ্দেশে রওনা দিয়েছে।’




