পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার পর ঘোষণা করেছিল, রাজ্যের মহিলারা সরকারি বাসে বিনামূল্যে সফর করতে পারবেন। রাতারাতি তা চালুও হয়ে যায়। এখন পিঙ্ক কার্ড চালু হয়েছে। এই কার্ড যাঁরা আবেদন করে নিচ্ছেন তাঁরা সরকারি বাসে বিনামূল্যে সফর করতে পারছেন। পশ্চিমবঙ্গের এই মডেল এবার দেখা যেতে চলেছে যোগী আদিত্যনাথের রাজ্য উত্তরপ্রদেশে। সেটা আবার একধাপ এগিয়ে। মহিলাদের রাখি উৎসবের উপহার হিসাবে এমনই উদ্যোগ নিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আর তা নিয়ে এখন মহিলাদের মধ্যে তুমুল আনন্দ শুরু হয়েছে।
রাখি উৎসব গোটা দেশেই পালিত হয়। পশ্চিমবঙ্গে এবার তা আরও বড় করে হবে বলে জানা গিয়েছে। কিন্তু সকলকে যেন ছাপিয়ে যেতে চলেছে উত্তরপ্রদেশ। সেখানে মহিলাদের জন্য বিশেষ উপহার নিয়ে এসেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রাখি উৎসব উপলক্ষ্যে উত্তরপ্রদেশের সরকারি বাসে বিনামূল্যে সফরের সুযোগ পাবেন মহিলারা। এখানেই শেষ নয়, মহিলা যাত্রীর সঙ্গে থাকা সঙ্গীরও কোনও ভাড়া লাগবে না। আগামী ২৭ আগস্ট রাত থেকে ২৮ আগস্ট রাত পর্যন্ত এই সুবিধা মিলবে বলে উত্তরপ্রদেশ প্রশাসন সূত্রে খবর। এটা দু’দিনের পরিষেবা হলেও তাতে খুশি যোগী রাজ্যের মহিলারা।
পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারীর সরকার সারাবছরের জন্য এই পরিষেবা রেখেছে। সারা বছর মহিলারা সরকারি বাসে বিনামূল্যে সফর করতে পারেন। যোগী রাজ্য দু’দিন দিয়ে শুরু করলেও পরে তা বাড়াতে পারে বলে সূত্রের খবর। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের মডেল ফলো করা হবে উত্তরপ্রদেশে। তবে এবার দাদা হিসাবে রাজ্যের বোনেদের দু’দিনের বিনামূল্যে সফর করার ব্যবস্থা করলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এই উপহার দিতে ইতিমধ্যেই নিজের বাসভবনে পরিবহণ দপ্তরের কর্তাদের সঙ্গে একটি বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সেখান থেকেই পরিবহণ দপ্তর, পুলিশ-প্রশাসনকে যৌথভাবে কাজ করারও নির্দেশ দিয়েছেন তিনি। রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, রাখি উৎসবের সময় মহিলারা যাতে নিরাপদে এবং ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরতে পারেন তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তাছাড়া নারী নিরাপত্তা সুনিশ্চিত করতে রাজ্যে ‘অ্যান্টি-রোমিও স্কোয়াড’কেও সক্রিয় থাকার নির্দেশ দিয়েছেন যোগী আদিত্যনাথ। এমনকী গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে যান চলাচল ব্যবস্থা আরও উন্নত করার নির্দেশও দিয়েছেন। এই বিষয়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ স্পষ্ট ভাষায় বলেছেন, ‘কোনও বাসচালক যাতে নেশাগ্রস্ত অবস্থায় বাস না চালান সেটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিশ্চিত করতে হবে। বেসরকারি বাস চালকদের তথ্য যাচাই করতে হবে। অটোরিকশা এবং ট্যাক্সি চালকদের তথ্য যাচাইয়ের পাশাপাশি মহিলা যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে। রাখিবন্ধন উৎসবে নিরাপদ ও নির্বিঘ্ন সফর নিশ্চিত করতে পরিবহণ দপ্তর ও পুলিশকে সমন্বয় রেখে কাজ করবে।’




