• facebook
  • twitter
Wednesday, 11 February, 2026

এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনা: তিন সপ্তাহের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

আহমেদাবাদ বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা হওয়া ড্রিমলাইনার বিমানটি আকাশে ওড়ার কয়েক সেকেন্ডের মধ্যেই ভেঙে পড়ে।

১২ জুন, ২০২৫-এ আহমেদাবাদে ঘটে যাওয়া ভয়াবহ এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনা নিয়ে সুপ্রিম কোর্ট বুধবার ফ্যাক্ট-ফাইন্ডিং তদন্তের রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছে। আদালত জানিয়েছে, ঘটনার সত্যতা উদ্‌ঘাটনে বর্তমান তদন্তের পূর্ণাঙ্গ রিপোর্ট তিন সপ্তাহের মধ্যে জমা দিতে হবে।

প্রসঙ্গত, এই দুর্ঘটনার তদন্ত করছে বিমান দুর্ঘটনা অনুসন্ধান ব্যুরো। ভয়াবহ এই ঘটনায় ২৪১ জন যাত্রী ও কর্মী-সহ মোট ২৬০ জনের মৃত্যু হয়। একমাত্র এক যাত্রী প্রাণে রক্ষা পান। পাশাপাশি মাটিতে থাকা আরও ১৯ জনের প্রাণহানি ঘটে।

Advertisement

শুনানির সময় সলিসিটার জেনারেল তুষার মেহতা আদালতকে জানান, আন্তর্জাতিক বিধি মেনে অনুসন্ধান প্রক্রিয়া এগোচ্ছে এবং সম্ভাব্যভাবে আগামী তিন সপ্তাহের মধ্যেই তা সম্পন্ন হবে। প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ সেই সময়সীমা মেনে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।

Advertisement

আদালত আরও বলেছে, এতদিনে তদন্তকারী সংস্থা যে প্রক্রিয়াগত নিয়ম অনুসরণ করেছে তার বিস্তারিত বিবরণ এবং অনুসন্ধানের অগ্রগতির নথিও পেশ করতে হবে। আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, রিপোর্ট সিল করা খামে জমা দেওয়া হবে। সেই সঙ্গে পদ্ধতি সম্পর্কিত হলফনামাও দাখিল করতে হবে। এই নির্দেশ জারি করা হয়েছে একটি স্বেচ্ছাসেবী সংস্থার দায়ের করা জনস্বার্থ মামলার প্রেক্ষিতে। আবেদনে দাবি করা হয়, তদন্ত প্রক্রিয়া নাগরিকদের জীবন, সমতা এবং সঠিক তথ্য জানার মৌলিক অধিকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

উল্লেখ্য, আহমেদাবাদ বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা হওয়া ড্রিমলাইনার বিমানটি আকাশে ওড়ার কয়েক সেকেন্ডের মধ্যেই ভেঙে পড়ে। বিমানের প্রধান পাইলট ছিলেন ক্যাপ্টেন সুমিত সভরওয়াল এবং সহ-পাইলট ছিলেন ক্যাপ্টেন ক্লাইভ কুন্ডার। মৃতদের মধ্যে ১৬৯ জন ভারতীয়, ৫২ জন ব্রিটিশ, ৭ জন পর্তুগিজ, ১ জন কানাডীয় এবং ১২ জন কর্মী ছিলেন। একমাত্র জীবিত ব্যক্তি ব্রিটিশ নাগরিক বিশ্বাশকুমার রমেশ।

Advertisement