ভোটের পর পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় বাহিনী রাখার দাবিতে দায়ের হওয়া মামলার দ্রুত শুনানির আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। সেই মামলার দ্রুত শুনানির জন্য আবেদন জানানো হয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর এজলাসে। কিন্তু সেই দ্রুত শুনানির আর্জি খারিজ করে দিয়েছে প্রধান বিচারপতির বেঞ্চ। সোমবার, যা কাকতালীয়ভাবে রাজ্যে ভোটগণনার দিন।
মামলাকারী পক্ষের আইনজীবী ভি. গিরি অতীতের নির্বাচনী হিংসার প্রসঙ্গ তুলে ধরে দ্রুত শুনানির আবেদন জানান। বিশেষ করে ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির অভিযোগের কথা উল্লেখ করা হয়। তবে নির্বাচন কমিশনের আইনজীবী আদালতে জানান, নির্বাচন প্রক্রিয়া শেষ হয়ে গেলে কমিশনের আর কোনও ভূমিকা থাকে না।
Advertisement
এই প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানায় যে, এ ধরনের বিষয় রাজনৈতিক কার্যনির্বাহীদের সিদ্ধান্তের ওপরই নির্ভরশীল। আদালত মন্তব্য করে, ‘রাজ্য পরিচালনার দায়িত্ব আদালতের নয়, তা রাজনৈতিক কার্যনির্বাহীদের উপরই ছেড়ে দেওয়া উচিত।‘ ফলে কেন্দ্রীয় বাহিনী রাখার বিষয়ে আদালত হস্তক্ষেপ করতে অনিচ্ছুক বলেই ইঙ্গিত দেয়।
Advertisement
উল্লেখ্য, পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) সংক্রান্ত একটি মামলা ইতিমধ্যেই প্রধান বিচারপতির বেঞ্চে বিচারাধীন রয়েছে। সেই মামলার পরবর্তী শুনানি নির্ধারিত হয়েছে আগামী ১১ মে। আদালত জানিয়েছে, যদিও দ্রুত শুনানির আবেদন খারিজ হয়েছে, তবুও এই নতুন মামলাটি এসআইআর সংক্রান্ত মূল মামলার সঙ্গে একত্রে শোনা হতে পারে। সব মিলিয়ে, আদালতের এই সিদ্ধান্তে স্পষ্ট যে, নির্বাচনের পর আইনশৃঙ্খলা রক্ষার প্রশ্নে বিচার বিভাগের পরিবর্তে প্রশাসনিক ও রাজনৈতিক ব্যবস্থার উপরই গুরুত্ব দেওয়া হচ্ছে।
Advertisement



