• facebook
  • twitter
Monday, 13 April, 2026

আজ সুপ্রিমকোর্টে এসআইআর-এর শুনানি

সোমবার থেকেই এই ট্রাইব্যুনালের কাজ শুরু হওয়ার কথা

প্রতিনিধিত্বমূলক চিত্র

পশ্চিমবঙ্গে ভোটার তালিকা আপাতত ‘ফ্রিজ’ করা হয়েছে, যার ফলে নতুন করে কোনও নাম যোগ বা বাদ দেওয়া সম্ভব নয়। এই পরিস্থিতিতে বহু মানুষের নাম তালিকা থেকে বাদ পড়ায় তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। যাঁদের নাম বাদ গিয়েছে, তাঁদের আবেদন এখন ট্রাইব্যুনালে বিবেচনাধীন। সোমবার থেকেই এই ট্রাইব্যুনালের কাজ শুরু হওয়ার কথা।

এখন মূল প্রশ্ন হল—ট্রাইব্যুনাল যদি ভোটের আগে কাউকে ‘বৈধ’ ভোটার হিসেবে স্বীকৃতি দেয়, তাহলে তিনি কি ভোট দিতে পারবেন? এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আজই সিদ্ধান্ত জানাতে পারে সুপ্রিম কোর্ট। ফলে স্বাভাবিকভাবেই গোটা রাজ্যের নজর এখন দেশের সর্বোচ্চ আদালতের দিকে।

Advertisement

এসআইআর প্রক্রিয়া শেষ হওয়ার পর রাজ্যে প্রায় ৯১ লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, প্রথম ও দ্বিতীয় দফার ভোটার তালিকা ইতিমধ্যেই চূড়ান্ত বা ‘ফ্রিজ’ হয়ে গেছে। ফলে বর্তমানে যাঁদের নাম তালিকায় রয়েছে, তাঁরাই ভোট দিতে পারবেন। অন্যদিকে, বাদ পড়া ব্যক্তিদের আবেদন খতিয়ে দেখবে ট্রাইব্যুনাল।

Advertisement

রাজ্যে দু’দফায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে—২৩ ও ২৯ এপ্রিল। প্রথম দফায় ১৬টি জেলার ১৫২টি আসনে ভোট হবে। এই দফায় মোট ৩ কোটি ৬০ লক্ষ ৭৭ হাজার ১৭১ জন ভোটার অংশ নিতে পারবেন। এর মধ্যে ১ কোটি ৮৪ লক্ষ ৯৯ হাজার ৪৯৬ জন পুরুষ, ১ কোটি ৭৫ লক্ষ ৭৭ হাজার ২১০ জন মহিলা এবং ৪৬৫ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন।

২৯ এপ্রিল দ্বিতীয় দফায় বাকি ১৪২টি আসনে ভোটগ্রহণ হবে। জেলা অনুযায়ী ভোটারের সংখ্যায় পার্থক্য রয়েছে—মুর্শিদাবাদে সবচেয়ে বেশি, প্রায় ৫০ লক্ষ ২৬ হাজার ভোটার রয়েছেন। পূর্ব মেদিনীপুরে প্রায় ৪১ লক্ষ ৬০ হাজার এবং পশ্চিম মেদিনীপুরে প্রায় ৩৭ লক্ষ ৭০ হাজার ভোটার রয়েছে। অন্যদিকে, কালিম্পং জেলায় সবচেয়ে কম, মাত্র ২ লক্ষ ১ হাজার ভোটার ভোট দেওয়ার সুযোগ পাবেন।

এই পরিস্থিতিতে কয়েক লক্ষ মানুষের ভোটাধিকার নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। রবিবার বিচারপতিরা ট্রাইব্যুনাল কেন্দ্রগুলি পরিদর্শন করেন। দক্ষিণ কলকাতার জোকায় ডায়মন্ড হারবার রোডের পাশে অবস্থিত ড. শ্যামাপ্রসাদ মুখার্জি ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওয়াটার অ্যান্ড স্যানিটেশন-এর পরিকাঠামোও খতিয়ে দেখা হয়। কমিশন সূত্রে জানা গিয়েছে, ট্রাইব্যুনালে ১৯ জন বিচার বিভাগীয় আধিকারিক এবং ৩ জন এডিএম পর্যায়ের আধিকারিক থাকবেন।

 

Advertisement