• facebook
  • twitter
  • youtube
Wednesday, 26 August, 2026

‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসের সিদ্ধান্তই মানবে কর্নাটক, জানালেন শিবকুমার

সরকারি ও জাতীয় অনুষ্ঠানে ‘বন্দে মাতরম’-এর প্রথম ২টি স্তবকই গাওয়া হবে। কংগ্রেসের এই সিদ্ধান্তই কর্নাটক সরকার

‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসের সিদ্ধান্তই মানবে কর্নাটক, জানালেন শিবকুমার

সরকারি ও জাতীয় অনুষ্ঠানে ‘বন্দে মাতরম’-এর প্রথম ২টি স্তবকই গাওয়া হবে। কংগ্রেসের এই সিদ্ধান্তই কর্নাটক সরকার মেনে চলবে বলে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে কর্নাটকে ‘বন্দে মাতরম’-এর ৬টি স্তবকই গাওয়ার প্রসঙ্গে তিনি জানান, বিষয়টি তাঁর অজান্তে হয়েছে। ভবিষ্যতে সরকারি অনুষ্ঠানে দলের সিদ্ধান্ত অনুযায়ী প্রথম ২টি স্তবকই গাওয়া হবে।

বুধবার একটি আলোচনাসভায় এই নিয়ে প্রশ্ন করা হলে শিবকুমার বলেন, ‘আমি আমার দলের আদর্শে বিশ্বাস করি। দল যে সিদ্ধান্ত নিয়েছে, আমি তার পাশেই রয়েছি।’ তাঁর দাবি, তাঁর অজান্তে অথবা রাজভবনে ৬টি স্তবক গাওয়া হয়ে থাকতে পারে। তবে ভবিষ্যতে কর্নাটক সরকারের কোনও অনুষ্ঠানে ৬টি স্তবক গাওয়া হবে না।

সম্প্রতি রাজনৈতিক বিতর্কের মধ্যেই ১৯৩৭ সালে ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেস যে সিদ্ধান্ত নিয়েছিল, সম্প্রতি সেই সিদ্ধান্তই ফের বহাল রাখার কথা জানিয়েছে দল।১৯৩৭  সেই সিদ্ধান্ত অনুযায়ী, জনসভা ও জাতীয় অনুষ্ঠানে গানটির প্রথম ২টি স্তবকই গাওয়া হবে। কংগ্রেসের এই অবস্থানের সঙ্গে কেন্দ্রের সাম্প্রতিক সিদ্ধান্তের সংঘাত তৈরি হয়েছে। কেন্দ্রের আনা নতুন ‘বন্দে মাতরম’ বিলে গানটির সব ক’টি স্তবক গাওয়ার কথা বলা হয়েছে বলে দাবি করা হচ্ছে।

কংগ্রেসের যুক্তি, প্রথম দু’টি স্তবকে দেশমাতৃকার বন্দনা থাকলেও পরের স্তবকগুলিতে দুর্গা, লক্ষ্মী ও সরস্বতীর মতো হিন্দু দেবদেবীর উল্লেখ রয়েছে। ফলে অন্য ধর্মের মানুষের কাছে সেই অংশগুলি আপত্তিকর মনে হতে পারে। সকলের কাছে গ্রহণযোগ্য রাখতেই প্রথম ২টি স্তবক গাওয়ার সিদ্ধান্ত বলে জানিয়েছে দল।

কংগ্রেসের এই অবস্থানের সমালোচনা করেছে বিজেপি। তাদের অভিযোগ, জাতীয় গানের প্রতি অসম্মান দেখাচ্ছে কংগ্রেস এবং এর পিছনে ভোটব্যাঙ্কের রাজনীতি রয়েছে। শিবকুমার অবশ্য সেই অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তাঁর বক্তব্য, ভারত বিভিন্ন ভাষা, ধর্ম ও সংস্কৃতির মানুষের দেশ। সবাইকে সঙ্গে নিয়ে চলাই কংগ্রেসের আদর্শ।

ধর্ম ও হিন্দুত্বের বিতর্কেও বৈচিত্র্যের পক্ষে সওয়াল করেছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, সূর্য, জল বা বাতাসের কোনও ধর্ম হয় না। প্রত্যেক মানুষ একই বাতাসে শ্বাস নেন, একই জল পান করেন। তাই ধর্মের বিভাজনের ঊর্ধ্বে উঠে সকলকে সম্মান করাই উচিত।