• facebook
  • twitter
  • youtube
Wednesday, 22 July, 2026

কানপুর ল্যাম্বরগিনি দুর্ঘটনায় জামিনে মুক্ত অভিযুক্ত শিবম মিশ্র

দুই পক্ষের বক্তব্য শোনার পর আদালত শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর করে। আদালতের নির্দেশ অনুযায়ী, অভিযুক্তকে নিয়মিত তদন্তে সহযোগিতা করতে হবে।

কানপুর ল্যাম্বরগিনি দুর্ঘটনায় জামিনে মুক্ত অভিযুক্ত শিবম মিশ্র

ছবি: এএনআই

কানপুর, ১২ ফেব্রুয়ারি— কানপুরে বিলাসবহুল ল্যাম্বরগিনি গাড়ি দুর্ঘটনায় অভিযুক্ত শিবম মিশ্রকে জামিন দিল আদালত। ২০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে তাঁকে মুক্তির নির্দেশ দেওয়া হয়েছে বলে আদালত সূত্রে জানা গিয়েছে। গত সপ্তাহে শহরের ব্যস্ত এলাকায় দ্রুত গতিতে ছুটে চলা একটি ল্যাম্বরগিনি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। প্রত্যক্ষদর্শীদের দাবি, গাড়িটি অত্যন্ত বেপরোয়া গতিতে চলছিল। ঘটনায় কয়েকজন পথচারী আহত হন। দুর্ঘটনার পরেই চালক শিবম মিশ্রের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করে পুলিশ।

তদন্তকারী আধিকারিকরা আদালতে জানান, প্রাথমিক তদন্তে বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগের প্রমাণ মিলেছে। তবে অভিযুক্তের আইনজীবী আদালতে দাবি করেন, ‘আমার মক্কেল তদন্তে পূর্ণ সহযোগিতা করছেন। তিনি পালানোর চেষ্টা করেননি। প্রমাণ নষ্ট করার কোনও আশঙ্কাও নেই।’

দুই পক্ষের বক্তব্য শোনার পর আদালত শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর করে। আদালতের নির্দেশ অনুযায়ী, অভিযুক্তকে নিয়মিত তদন্তে সহযোগিতা করতে হবে। প্রয়োজনে পুলিশ ডাকলে হাজিরা দিতে হবে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনায় ব্যবহৃত গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে। তাতে যান্ত্রিক ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে গাড়ির গতি ও চালনার ধরণ বিশ্লেষণ করা হচ্ছে।

এই ঘটনা ঘিরে এলাকায় ব্যাপক ক্ষোভ ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, শহরের ব্যস্ত রাস্তায় বিলাসবহুল গাড়ির বেপরোয়া গতি নিয়ন্ত্রণে কঠোর নজরদারি প্রয়োজন। এক বাসিন্দা বলেন, ‘আইন সবার জন্য সমান হওয়া উচিত। কেউ প্রভাবশালী হলেই ছাড় পাওয়া উচিত নয়।’ তদন্ত চললেও জামিনে মুক্তি পাওয়ায় মামলার পরবর্তী পর্যায় কীভাবে এগোয়, নজর সেদিকেই।