রামমন্দিরের প্রশাসনিক ব্যবস্থাপনায় বড় পরিবর্তন। ‘শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র’ ট্রাস্টের প্রথম পূর্ণ সময়ের সিইও হিসেবে দায়িত্ব পেতে চলেছেন অবসরপ্রাপ্ত বায়ুসেনা কর্তা এয়ার মার্শাল জিতেন্দ্র মিশ্র। বুধবার অযোধ্যায় ট্রাস্টের বৈঠকে তাঁর নাম চূড়ান্ত করা হয়েছে বলে সূত্রের খবর।
মন্দিরের প্রণামী ও দানসামগ্রী নিয়ে গরমিলের অভিযোগ সামনে আসার পরই পূর্ণ সময়ের সিইও নিয়োগের সিদ্ধান্ত নেয় ট্রাস্ট। এই নিয়োগের জন্য অবসরপ্রাপ্ত বিচারপতি প্রমোদ কোহলির নেতৃত্বে তিন সদস্যের একটি বাছাই কমিটি গঠন করা হয়েছিল। কমিটির বাকি দুই সদস্য ছিলেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল ভিকে চতুর্বেদী এবং শিল্পপতি সুরেশ হাওয়ারে।
৬ জুলাই থেকে শুরু হয়েছিল নিয়োগপ্রক্রিয়া। মোট ৫,৫৮৫টি আবেদনপত্র দফায় দফায় যাচাই করা হয়। প্রাথমিক বাছাইয়ের পর ১১১ জনকে তালিকাভুক্ত করা হয়। পরে আরও যাচাই-বাছাই শেষে ১৬ জনকে মুখোমুখি সাক্ষাৎকারের জন্য ডাকা হয় অযোধ্যায়। তাঁদের মধ্য থেকেই শেষ পর্যন্ত জিতেন্দ্র মিশ্রকে বেছে নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।
ভারতীয় বায়ুসেনায় দীর্ঘ কর্মজীবন রয়েছে জিতেন্দ্র মিশ্রের। যুদ্ধবিমানের পাইলট হিসেবে ১৯৮৬ সালে বাহিনীতে যোগ দেন তিনি। পরবর্তী সময়ে বায়ুসেনার একাধিক গুরুত্বপূর্ণ কমান্ডিং পদে দায়িত্ব সামলেছেন। অপারেশন সিঁদুরের সময় তিনি বায়ুসেনার পশ্চিমাঞ্চলীয় কমান্ডের দায়িত্বে ছিলেন। ৩৮ বছরেরও বেশি সময় বায়ুসেনায় কাজ করার পর চলতি বছরের মে মাসে অবসর নেন তিনি।
সূত্রের খবর, গত সোমবার গভীর রাতে বাছাই কমিটির তিন সদস্য অযোধ্যায় পৌঁছন। তাঁরা ট্রাস্টের চেয়ারম্যান মহন্ত নৃত্যগোপাল দাসের কাছে চূড়ান্তভাবে বাছাই করা তিন প্রার্থীর নাম-সহ একটি মুখবন্ধ খাম জমা দেন। এরপর বুধবার দুপুরে ট্রাস্টের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।
নতুন সিইও-র দায়িত্ব হবে রামমন্দিরের প্রশাসনিক কাজকর্ম, ভক্তদের পরিষেবা এবং মন্দির-সংক্রান্ত বিভিন্ন ব্যবসায়িক কার্যকলাপের দেখভাল করা। দানবাক্সের টাকা, অনুদান, সোনা-সহ বিভিন্ন সামগ্রী নিয়ে গত জুনে গরমিলের অভিযোগ প্রকাশ্যে আসার পর মন্দিরের আর্থিক ও প্রশাসনিক ব্যবস্থাপনায় আরও নজরদারি বাড়ানোর প্রয়োজনীয়তা সামনে আসে। সেই প্রেক্ষাপটেই প্রথম বার পূর্ণ সময়ের সিইও নিয়োগের পথে হাঁটল রামমন্দির ট্রাস্ট।




