কংগ্রেস নেতা রাহুল গান্ধীর রাজনৈতিক নেতৃত্ব ও কর্মপদ্ধতি নিয়ে এবার সরব হলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মেয়ে শর্মিষ্ঠা মুখোপাধ্যায়। একটি সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি অভিযোগ করেছেন, রাহুল গান্ধী কংগ্রেসের প্রধান মুখ হয়ে ওঠার পর থেকেই দল একের পর এক নির্বাচনে পরাজিত হয়েছে।
শর্মিষ্ঠার দাবি, ২০২৪-এর লোকসভা নির্বাচনে কংগ্রেস ৯৯টি আসন পেয়েছিল। যার পিছনে ‘ভারত জোড়ো যাত্রা’র ইতিবাচক প্রভাব ছিল। কিন্তু সেই সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে পারেননি রাহুল। তাঁর অভিযোগ, কিছুদিন রাজনৈতিক কর্মসূচি পালন করার পরই রাহুল যেন রাজনীতির ময়দান থেকে ‘অদৃশ্য’ হয়ে যান। কিন্তু এটা একেবারেই ঠিক নয়। এ প্রসঙ্গে শর্মিষ্ঠা রাহুলকে কটাক্ষ করে বলেন, ‘রাজনীতি ২৪ ঘণ্টা ও বছরের ৩৬৫ দিনের কাজ। দু’দিন সক্রিয় থেকে আবার দীর্ঘ সময়ের জন্য আড়ালে চলে গেলে রাজনীতি করা যায় না।’ এ প্রসঙ্গে ভারত জোড়ো যাত্রার প্রথম বর্ষপূর্তির সময় রাহুলের অনুপস্থিতির কথাও তুলে ধরেন তিনি।
শর্মিষ্ঠা আরও বলেন, ‘২০১৪ সালের পর থেকে কংগ্রেস ধারাবাহিকভাবে প্রতিটি নির্বাচনে ব্যর্থ হয়েছে। রাহুলের এই ব্যর্থতার দায় এড়ানোর সুযোগ নেই।’ তাঁর কথায়, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা তাঁর বিপুল জনসমর্থনের মধ্য দিয়েই স্পষ্ট হয়ে ওঠে। কিন্তু রাহুল গান্ধী সেই ধরনের জনভিত্তি গড়ে তুলতে ব্যর্থ হয়েছেন। এটি রাহুল গান্ধীরই ব্যর্থতা।’
নির্বাচনী ব্যর্থতায় কংগ্রেসের সাংগঠনিক দুর্বলতাকেও কাঠগড়ায় তুলেছেন শর্মিষ্ঠা। তাঁর দাবি, দল দীর্ঘদিন ধরেই জোট রাজনীতির ওপর অতিরিক্ত নির্ভরশীল। তাই নিজেদের সংগঠনকে শক্তিশালী করার বিষয়ে যথেষ্ট মনোযোগ দেয়নি। কিন্তু শুধুমাত্র জোটের ভরসায় নির্বাচনে সাফল্য আসে না। দলকে নিজেদের শক্তিতেই লড়াই করার মানসিকতা গড়ে তুলতে হবে। প্রণব কন্যার এই বক্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে। তবে বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত রাহুল গান্ধী বা কংগ্রেসের পক্ষ থেকে কোনও পাল্টা প্রতিক্রিয়া মেলেনি।




