• facebook
  • twitter
Thursday, 21 May, 2026

খতম পুলওয়ামা হামলার চক্রী হামজা বুরহান, গুলিতে মৃত্যু ঘিরে চাঞ্চল্য

পুলওয়ামা হামলার সঙ্গে যুক্ত জঙ্গি হামজা বুরহানকে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মুজফফরাবাদে গুলি করে খুন করা হয়েছে বলে সূত্রের খবর। ঘটনায় বাড়ছে রহস্য ও জল্পনা।

নিজস্ব গ্রাফিক্স চিত্র

২০১৯ সালের ভয়াবহ পুলওয়ামা হামলার সঙ্গে যুক্ত এক জঙ্গিকে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে গুলি করে খুন করা হয়েছে বলে সূত্রের খবর। নিহত জঙ্গির নাম হামজা বুরহান। বৃহস্পতিবার মুজফফরাবাদ এলাকায় অজ্ঞাতপরিচয় বন্দুকবাজেরা তাকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায়। শরীরে একাধিক গুলি লাগার পর ঘটনাস্থলেই গুরুতর জখম হয় সে। পরে তার মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

ঘটনাটি ঘিরে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। তবে কারা এই হামলার পিছনে রয়েছে বা কী কারণে হামলা চালানো হয়েছে, সে বিষয়ে এখনও পর্যন্ত পাকিস্তানের তরফে কোনও সরকারি বিবৃতি সামনে আসেনি। হামলাকারীদের পরিচয়ও স্পষ্ট নয়।

Advertisement

গোয়েন্দা সূত্রের দাবি, হামজা বুরহান দীর্ঘদিন ধরেই সীমান্তের ওপারে সক্রিয় জঙ্গি নেটওয়ার্কের গুরুত্বপূর্ণ সদস্য ছিল। পুলওয়ামা হামলার নেপথ্যে থাকা অন্যতম চক্রী হিসেবেও তার নাম উঠে এসেছিল বলে জানা গিয়েছে। নিরাপত্তা মহলের মতে, জম্মু ও কাশ্মীরে জঙ্গি কার্যকলাপ পরিচালনা, নতুন জঙ্গি নিয়োগ এবং অস্ত্র পাচারের সঙ্গে সরাসরি যুক্ত ছিল সে।

Advertisement

উল্লেখ্য, ২০১৯ সালের ফেব্রুয়ারিতে জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় ভয়াবহ আত্মঘাতী হামলায় শহিদ হয়েছিলেন সিআরপিএফের ৪০ জন জওয়ান। সেই হামলার পর আন্তর্জাতিক স্তরেও ব্যাপক চাপের মুখে পড়েছিল পাকিস্তান। ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলি হামলার সঙ্গে জড়িত জঙ্গিদের খোঁজে ব্যাপক অভিযান শুরু করেছিল। তদন্তে হামজা বুরহানের নামও উঠে এসেছিল বলে সূত্রের দাবি।

নিরাপত্তা সূত্রে জানা গিয়েছে, হামজার বাড়ি ছিল জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলার রত্নিপোরা এলাকায়। প্রায় সাত বছর আগে বৈধ নথিপত্র ব্যবহার করেই সে পাকিস্তানে যায়। সেখানে গিয়ে আল-বদর জঙ্গি সংগঠনে যোগ দেয়। পরে সংগঠনের অপারেশনাল কমান্ডার হিসেবেও উঠে আসে তার নাম।

শুধু জঙ্গি হামলার পরিকল্পনা নয়, জম্মু ও কাশ্মীরের যুবকদের উগ্রপন্থার দিকে ঠেলে দেওয়ার ক্ষেত্রেও তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে অভিযোগ। পাশাপাশি সীমান্ত পেরিয়ে অস্ত্র সরবরাহের নেটওয়ার্ক পরিচালনার দায়িত্বও সামলাত সে।

তবে হামজা বুরহানের মৃত্যুর পিছনে গোষ্ঠীদ্বন্দ্ব, অভ্যন্তরীণ সংঘর্ষ নাকি পরিকল্পিত টার্গেট কিলিং রয়েছে, তা এখনও স্পষ্ট নয়। সাম্প্রতিক সময়ে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে একাধিক জঙ্গি নেতার উপর হামলার ঘটনা সামনে এসেছে। ফলে জঙ্গি সংগঠনগুলির অন্দরে নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে বলেই মনে করছে নিরাপত্তা মহল।

Advertisement