• facebook
  • twitter
  • youtube
Friday, 31 July, 2026

সাজো সাজো রব অন্ধ্রপ্রদেশ ও কর্ণাটকে, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধনে প্রধানমন্ত্রী

অন্ধ্রপ্রদেশে আন্তর্জাতিক বিমানবন্দর ও সেমিকন্ডাক্টর কেন্দ্রের শিলান্যাস, কর্ণাটকে বিবেক স্মারক উদ্বোধন। জেনে নিন প্রধানমন্ত্রীর সফরসূচির খুঁটিনাটি।

সাজো সাজো রব অন্ধ্রপ্রদেশ ও কর্ণাটকে, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধনে প্রধানমন্ত্রী

Narendra Modi (Kremlin.ru)

শনিবার, ১ অগস্ট অন্ধ্রপ্রদেশ ও কর্ণাটক সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই দিনে দুই রাজ্যে একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্পের শিলান্যাস এবং উদ্বোধন করবেন তিনি।

অন্ধ্রপ্রদেশে বিমানবন্দর

সকাল সাড়ে এগারোটা নাগাদ অন্ধ্রপ্রদেশের বিজয়নগরম জেলার ভোগাপুরমে অবস্থিত আল্লুরি সীতারাম রাজু আন্তর্জাতিক বিমানবন্দরের (Alluri Sitarama Raju International Airport) উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সরকারি ও বেসরকারি অংশীদারিত্বের (Public-Private Partnership) এই গ্রিনফিল্ড বিমানবন্দর তৈরিতে খরচ হয়েছে প্রায় ৫৬৪০ কোটি টাকা। প্রতি বছর ৬০ লক্ষ যাত্রী পরিবহনের ক্ষমতাসম্পন্ন এই বিমানবন্দরে থাকছে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), বিল্ডিং ইনফরমেশন মডেলিং (BIM), স্বয়ংক্রিয় ব্যাগেজ হ্যান্ডলিং ব্যবস্থার মতো আধুনিক প্রযুক্তি। টার্মিনালের নকশায় প্রতিফলিত হয়েছে অন্ধ্রপ্রদেশের ঐতিহ্যবাহী চুট্টিলু কুটির এবং আরাকু উপত্যকার সৌন্দর্য।

একই দিনে ভোগাপুরমে আরও প্রায় ১৭,৯০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের শিলান্যাস, উদ্বোধন এবং জাতির উদ্দেশে উৎসর্গ করবেন প্রধানমন্ত্রী। বিশাখাপত্তনমে অন্ধ্রপ্রদেশের প্রথম সেমিকন্ডাক্টর উৎপাদন কেন্দ্রের (Semiconductor Manufacturing Facility) শিলান্যাসও হবে এদিন। প্রায় ৪৬০ কোটি টাকার এই কেন্দ্র প্রতি বছর প্রায় সাড়ে নয় কোটি সেমিকন্ডাক্টর চিপ উৎপাদন করবে বলে জানানো হয়েছে।

বিদ্যুৎ ও সড়ক প্রকল্প

কুর্নুল-চতুর্থ পুনর্নবীকরণযোগ্য বিদ্যুৎ অঞ্চলের (Renewable Energy Zone) জন্য বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থার শিলান্যাসও করবেন প্রধানমন্ত্রী, যার ব্যয় প্রায় ৫৫৫০ কোটি টাকা। এছাড়া কুর্নুল এবং অনন্তপুরমের সৌরবিদ্যুৎ অঞ্চলের জন্য সঞ্চালন প্রকল্পের উদ্বোধনও হবে। জাতীয় সড়ক প্রকল্পেও বরাদ্দ হয়েছে প্রায় ১৮৮০ কোটি টাকা, যার মধ্যে রয়েছে একাধিক চার লেনের গ্রিনফিল্ড হাইওয়ে এবং তাড়িপত্রি বাইপাসের কাজ।

কর্ণাটকে বিবেকানন্দ কেন্দ্র

বিকেল সাড়ে তিনটে নাগাদ কর্ণাটকের মাইসুরুতে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে শ্রীরামকৃষ্ণ আশ্রমে স্বামী বিবেকানন্দ কালচারাল ইয়ুথ সেন্টার তথা বিবেক স্মারকের (Viveka Smaraka) উদ্বোধন করবেন তিনি। ১৮৯২ সালের নভেম্বরে স্বামী বিবেকানন্দের মাইসুরু সফরের স্মৃতিতে তৈরি এই কেন্দ্র প্রায় ৮১ হাজার বর্গফুট এলাকা জুড়ে বিস্তৃত। এতে থাকছে ফোর-ডি অভিজ্ঞতা কেন্দ্র, প্রদর্শনী কক্ষ, প্রায় ৭০০ আসনবিশিষ্ট মুক্তমঞ্চ, গ্রন্থাগার, ধ্যান ও যোগ কক্ষের মতো সুবিধা। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেওয়া পড়ুয়াদের জন্যও থাকছে আলাদা ব্যবস্থা।