• facebook
  • twitter
  • youtube
Monday, 5 October, 2026

কেদারনাথ থেকে বর্জ্য নামাচ্ছেন পুণ্যার্থীরা, চার মাসে সাফ ১২ টন

সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওয় দেখা গিয়েছে, দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্য এবং ওড়িশা থেকে আসা তীর্থযাত্রীরা প্লাস্টিক বর্জ্য ভর্তি ব্যাগ কাঁধে করে পাহাড়ি পথ দিয়ে নীচে নেমে আসছেন

কেদারনাথ থেকে বর্জ্য নামাচ্ছেন পুণ্যার্থীরা, চার মাসে সাফ ১২ টন

Image: IANS

তীর্থস্থানে গিয়ে যেখানে এক শ্রেণির মানুষের আবর্জনা ফেলে আসার অভিযোগ ওঠে, সেখানে সম্পূর্ণ উল্টো ছবি দেখা যাচ্ছে কেদারনাথে (Kedarnath)। মন্দির চত্বর এবং পাহাড়ি পথ প্লাস্টিকমুক্ত করতে স্থানীয় প্রশাসনের উদ্যোগে হাতে নেওয়া পরিচ্ছন্নতা অভিযানে স্বতঃস্ফূর্ত ভাবে শামিল হচ্ছেন তীর্থযাত্রীরা। পাহাড় থেকে নামার সময় নিজেদের সঙ্গে বস্তা ভর্তি প্লাস্টিক বর্জ্য গৌরীকুণ্ডে নামিয়ে আনছেন তাঁরা। গত চার মাসে প্রায় পাঁচ হাজার পুণ্যার্থীর উদ্যোগে ১২ টনেরও বেশি প্লাস্টিক বর্জ্য পাহাড় থেকে নীচে নামানো হয়েছে বলে জানা গিয়েছে।

সমুদ্রপৃষ্ঠ থেকে ১১ হাজার ৭৫৫ ফুট উচ্চতায় অবস্থিত কেদারনাথ (Kedarnath) মন্দিরে পৌঁছতে গৌরীকুণ্ড থেকে প্রায় ১৮ কিলোমিটার দুর্গম পাহাড়ি পথ পেরোতে হয়। অতিরিক্ত উচ্চতা, প্রতিকূল আবহাওয়া এবং দুর্গম ভূপ্রকৃতির কারণে সেখানে বর্জ্য সংগ্রহ ও নীচে নামানো অত্যন্ত কঠিন। তীর্থযাত্রীদের বিপুল ভিড়ে মন্দির চত্বরে প্লাস্টিক-সহ নানা ধরনের বর্জ্য জমে। সেই সমস্যা মোকাবিলাতেই গত জুনে স্থানীয় প্রশাসন ‘ক্যারি মি ব্যাক’ নামে বিশেষ পরিচ্ছন্নতা অভিযানের ডাক দেয়।

প্রশাসনের উদ্যোগে সাড়া দিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পুণ্যার্থীরা এই কাজে যুক্ত হচ্ছেন। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওয় দেখা গিয়েছে, দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্য এবং ওড়িশা থেকে আসা তীর্থযাত্রীরা প্লাস্টিক বর্জ্য ভর্তি ব্যাগ কাঁধে করে পাহাড়ি পথ দিয়ে নীচে নেমে আসছেন। কেউ কেউ সাইকেলেও বর্জ্যের ব্যাগ বহন করেছেন।

শারীরিক প্রতিবন্ধকতাও এই উদ্যোগে বাধা হয়ে দাঁড়ায়নি। এক হাত হারানো মদন লাল সুস্থ হাতেই বর্জ্যের ব্যাগ বহন করে গৌরীকুণ্ডে পৌঁছে দিয়েছেন। গুরুগ্রামের ২৮ বছরের অঙ্কিতা সিংহ দুই বন্ধুকে সঙ্গে নিয়ে প্রায় ৮ কেজি বর্জ্য নামিয়েছেন। তাঁর কথায়, পাহাড় পরিষ্কার রাখার এই কাজে অংশ নিতে পেরে তাঁরা ‘ঐশ্বরিক আনন্দ’ অনুভব করছেন। প্রশাসনের বক্তব্য, তীর্থযাত্রীরা আরও বেশি করে এই উদ্যোগে সামিল হলে কেদারনাথের(Kedarnath)পরিবেশ রক্ষা করা সম্ভব হবে। একটি ছোট স্থানীয় উদ্যোগ ইতিমধ্যেই যে বৃহত্তর পরিচ্ছন্নতা অভিযানে পরিণত হয়েছে, তাতেই আশার আলো দেখছে প্রশাসন।

দেখুন: