দপ্তরে টিপু সুলতান-এর প্রতিকৃতি টাঙানোকে কেন্দ্র করে মহারাষ্ট্রের মালেগাঁও শহরে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে। এই বিতর্কের মাঝেই সরব হলেন শহরের ডেপুটি-মেয়র। তিনি স্পষ্ট বলেন, ‘আমাদের দপ্তর আমাদের কাজের জায়গা। সেখানে কোন মহান ব্যক্তিত্বের প্রতিকৃতি রাখা হবে, তা আমরা নিজেরাই ঠিক করব। এটি আমাদের সাংবিধানিক অধিকার এবং এর মধ্যে কোনও অন্যায় নেই।’ তাঁর এই মন্তব্য প্রকাশ্যে আসতেই বিষয়টি নিয়ে নতুন করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে।
জানা গিয়েছে, সম্প্রতি দপ্তরের একটি ঘরে টিপু সুলতানের প্রতিকৃতি টাঙানো হয়। এরপরই কিছু রাজনৈতিক সংগঠন এবং বিরোধী শিবিরের পক্ষ থেকে এর তীব্র বিরোধিতা করা হয়। তাঁদের দাবি, এই সিদ্ধান্ত সাধারণ মানুষের অনুভূতিতে আঘাত করতে পারে।
Advertisement
তবে উপ-মেয়র পাল্টা যুক্তি দিয়ে বলেন, টিপু সুলতান ছিলেন একজন ঐতিহাসিক শাসক, যিনি দেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর মতে, ‘ইতিহাসের অংশ হিসেবে যাঁরা দেশের জন্য লড়েছেন, তাঁদের সম্মান জানানো কোনও অপরাধ নয়।’ এই ঘটনার পর শহরের রাজনৈতিক মহলে উত্তেজনা ছড়িয়েছে। একদিকে বিরোধীরা এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি তুলছে, অন্যদিকে শাসক শিবিরের একাংশ উপ-মেয়রের মন্তব্যকে সমর্থন করছে।
Advertisement
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, মহারাষ্ট্রের বিভিন্ন এলাকায় ঐতিহাসিক ব্যক্তিত্বদের নিয়ে এর আগেও বিতর্ক দেখা গিয়েছে। তবে প্রশাসনিক দপ্তরের ভিতরে প্রতিকৃতি টাঙানো নিয়ে এই ধরনের প্রকাশ্য মতবিরোধ পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলেছে। বর্তমানে পরিস্থিতির উপর নজর রাখছে স্থানীয় প্রশাসন। তবে উপ-মেয়রের দৃঢ় অবস্থান স্পষ্ট করে দিয়েছে, এই বিতর্ক এত সহজে থামার নয়।
Advertisement



