‘মেয়েদের বাঁচাও, বাংলা বাঁচাও’—এই আহ্বানকে সামনে রেখে রবিবার কলকাতার রানি রাসমণি রোডে পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক মহিলা সমিতির রাজ্য সম্মেলনের প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হল। সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মিছিল করে সমাবেশস্থলে জড়ো হন হাজার হাজার মহিলা ও সংগঠনের কর্মী-সমর্থকরা। লাল পতাকা ও প্ল্যাকার্ডে ভরে ওঠে সমাবেশ চত্বর।
এই জনসভায় উপস্থিত ছিলেন সর্বভারতীয় ও রাজ্যস্তরের একাধিক বিশিষ্ট মহিলা নেত্রীরা। সিপিআইএম পলিটব্যুরো সদস্য বৃন্দা কারাত বলেন, বর্তমান সময়ে দেশজুড়ে মহিলাদের উপর একের পর এক নৃশংস ঘটনার সাক্ষী হচ্ছে দেশবাসী। বিশেষ করে আদিবাসী ও দলিত নারীদের উপর অত্যাচার ভয়ানকভাবে বেড়েছে।
Advertisement
মেয়েদের নিরাপত্তা, শিক্ষা ও কাজের অধিকার রক্ষায় রাজ্যজুড়ে আরও বৃহত্তর লড়াই গড়ে তুলতে হবে। এই পরিস্থিতি সমাজ ও গণতন্ত্রের জন্য গভীর উদ্বেগের। এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বৃন্দা।
Advertisement
বৃন্দা কারাত ছাড়াও এদিনের এই সমাবেশে উপস্থিত ছিলেন আই ডব্লিউ-এর নেত্রী মারিয়ম ধাওলে, কনীনিকা ঘোষ, দেবলীনা হেমব্রম, মীনাক্ষী মুখার্জি, জাহানারা খান-সহ সংগঠনের শীর্ষ নেতৃত্ব। বক্তারা তাঁদের ভাষণে বাংলায় নারী নির্যাতন, সামাজিক নিরাপত্তাহীনতা, কর্মসংস্থানের অভাব এবং গণতান্ত্রিক অধিকার খর্ব হওয়ার অভিযোগ তুলে ধরেন। সমাবেশ থেকে নারী সুরক্ষা, ন্যায্য মজুরি, স্বাস্থ্য ও শিক্ষার অধিকার নিশ্চিত করা এবং গণতন্ত্র রক্ষার দাবিতে ধারাবাহিক আন্দোলনের ডাক দেওয়া হয়।
Advertisement



